সকালের নাশতা সুস্বাদু হওয়ার পাশাপাশি পুষ্টিকর হওয়াও দরকার। ওটসে মেলে আঁশ, আর সুজির সঙ্গে সবজি মেশালে স্বাদ ও পুষ্টি দুটোই বাড়ে। ঝটপট বানানো যায় মুচমুচে ওটস-সুজির চিলা।
প্রথমে এক কাপ ওটস ও এক কাপ সুজি শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিন। একটি পাত্রে ভাজা ওটস-সুজির সঙ্গে টক দই মেশান, প্রয়োজনমতো পানি দিয়ে ঘন ব্যাটার বানান। ঢেকে প্রায় ১৫ মিনিট রাখুন, এতে সুজি ফুলে ব্যাটার চিলার উপযোগী হবে।
এরপর মিশ্রণে কুচানো গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা মরিচ ও ধনেপাতা দিন। স্বাদমতো লবণ ও সামান্য গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিন।
তাওয়া গরম করে অল্প তেল ছড়িয়ে মিশ্রণটি পাতলা করে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে এক পিঠ সেঁকা হলে উল্টে অন্য পিঠও সোনালি ও মুচমুচে করে নিন।
গরম চিলা পছন্দের চাটনি বা দইয়ের সঙ্গে পরিবেশন করুন।
সূত্র: বাংলা ট্রিবিউন




মন্তব্য
(০)