অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার গরুর মাংস প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান গ্রিনহ্যাম (Greenham) এবং মধ্য অস্ট্রেলিয়ার খামারি ও পরিবহন ব্যবসায়ী টিম এডমান্ডস (Tim Edmunds) নর্দার্ন টেরিটরির ক্যাথরিনের (Katherine) কাছে একটি বড় স্টেজিং ডিপো চালু করেছেন। বিফ সেন্ট্রালের খবরে বলা হয়, উত্তরাঞ্চলের জবাইয়ের গাভী ও ষাঁড়ের এলোমেলো বেচাকেনাকে নিয়মের মধ্যে আনার একটি সরবরাহ শৃঙ্খলের প্রথম ধাপ এটি।
গ্রিনহ্যাম কয়েক দশক ধরে টেরিটরি থেকে গাভী ও ষাঁড় কিনে ৩,৪০০ কিলোমিটার দূরে উত্তর ভিক্টোরিয়ার টোঙ্গালা (Tongala) কারখানায় নেয়। নতুন ব্যবস্থার ভিত্তি 'কাউ হোটেল' নামে পরিচিত কয়েকটি স্থাপনা, একটি থেকে আরেকটি প্রায় ১৪ ঘণ্টার গাড়িপথ। গ্রিনহ্যাম ক্যাথরিনের দক্ষিণে নেপিয়ার ভ্যালি (Napier Valley) নামের গরু ও খড় উৎপাদনের খামার কিনেছে, আর এডমান্ডসের গ্লেন গোল্ড পাস্টোরাল কিনেছে পাশের জারাহডেল (Jarrahdale)। দুটি মিলে ৬,৫০০ হেক্টর, যৌথভাবে চালানো হবে সংগ্রহকেন্দ্র হিসেবে।
সেখানে নতুন ছাউনি দেওয়া ইয়ার্ড ও বাছাই ব্যবস্থায় ৫,০০০ গরু রাখা যায়; আছে ডিপিং (পরিবহনের আগে সাধারণত দুবার ওষুধে চোবানো হয়) এবং রোড-ট্রেনের ওজন যন্ত্র, যাতে জীবন্ত ওজনে বেচাকেনা হয়। সাধারণ এক সপ্তাহে ২,০০০ পর্যন্ত গাভী এখান দিয়ে যাবে বলে আশা। পাঠানোর আগে পাঁচ থেকে সাত দিন গরুকে পানি ও ভালো খাবার দেওয়া হয়, যাতে পথে কষ্ট কম হয়, মাংসের ফলন বাড়ে এবং মাংস কালচে হওয়ার সমস্যা কমে। এডমান্ডসের হিসাবে সাশ্রয় না হলে স্থাপনাটির খরচ পড়ত ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ডলার।
খামারির জন্য বড় পরিবর্তন বিক্রির আকারে। আগে একটি রোড-ট্রেন ভরাতে প্রায় ১৩২টি গরু জোগাড় করতে হতো; এখন কয়েকটি, এক ডেক বা ৩০ ডেক, যেকোনো সংখ্যায় বিক্রি করা যাবে, বাছাই করে চালান সাজানো হবে নেপিয়ারে। এডমান্ডস বলেন, "এটি একসঙ্গে সংগ্রহকেন্দ্র, লেনদেনের জায়গা এবং চালানের প্রস্তুতিকেন্দ্র, খামারির ঝামেলা অনেক কমায়।"
আরও দক্ষিণে শৃঙ্খলের অংশ অ্যালিস স্প্রিংসের দক্ষিণে গ্লেন গোল্ডের হেনবেরি স্টেশন (ছায়ায় ৪,০০০ গরু, এক বছর আগে ৮০ লাখ ডলারে তৈরি) এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্লেয়ার ভ্যালিতে হেল রিভার ট্রান্সফার ফ্যাসিলিটি (১,৫০০ গরু), যেখান থেকে টোঙ্গালা সাত ঘণ্টার পথ। এডমান্ডসের ভাষায় লক্ষ্য সরবরাহ সমান রাখা: টোঙ্গালার কোনো সপ্তাহে ৭০ ডেক উত্তরের গাভী দরকার হলে ঠিক ৭০ ডেকই পাঠানো হবে।
গ্রিনহ্যামের ব্যবস্থাপনা পরিচালক পিটার গ্রিনহ্যাম (Peter Greenham) জানান, এই গরুর মাংস যায় তাঁদের ঘাসখাওয়া গরুর 'নেভার এভার' কর্মসূচিতে, যার ভালো বাজার আছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। টোঙ্গালা কারখানার ক্ষমতা এখন দিনে ১,৬০০ গরু। উদ্বোধনে প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন; উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জো হার্সি (Jo Hersey)।
সূত্র: Beef Central (প্রতিবেদক জন কনডন)



মন্তব্য
(০)