নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নাটোরের জিআই পণ্য কাঁচাগোল্লা তৈরি ও সংরক্ষণের দায়ে শহরের লালবাজারের পুরোনো মিষ্টির দোকান দ্বারিক ভাণ্ডারের কারখানা স্থায়ীভাবে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকানমালিককে দেওয়া হয়েছে এক বছরের সশ্রম কারাদণ্ড। বুধবার রাতের এই অভিযানে প্রায় চার মণ খাবার জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান চালান নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহীম আলী। কর্মকর্তারা কারখানায় প্রচুর তেলাপোকা পান, খাবারের আশপাশে ঘুরছিল সেগুলো। কাঁচাগোল্লা ও মায়া ক্ষীর সন্দেশ তৈরি ও রাখার জায়গা ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, মেঝেতে খোলা অবস্থায় পড়ে ছিল খাবার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালিক রবীন্দ্রনাথ কুন্ডু দোষ স্বীকার করেন। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়ালে তাঁকে দণ্ড দেওয়া হয়।
অভিযানে ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য কর্মকর্তা নিয়ামুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর কার্যালয়ের নাজমুল হাসান, সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট স্যানিটারি অফিসার মোছা. তাজকেরাতুল নেছা, নিরাপদ খাদ্য নমুনা সহকারী বাপ্পারাজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার সরকার।
স্থানীয় বাসিন্দারা অভিযানের প্রশংসা করে বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে নাটোরের ঐতিহ্যবাহী জিআই পণ্যের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
ছবি: Shahnoor Habib Munmun / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: দিনাজপুর টিভি



মন্তব্য
(০)