দেশের প্রায় ছয় কোটি নগরবাসীর স্বাস্থ্যসেবার দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ছয় মাস বিদ্যমান অংশীদারিত্বমূলক কাঠামোয় নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা চালু থাকবে, আর এই সময়ের মধ্যে নগরবাসীর চাহিদা বিবেচনায় একটি টেকসই, সাশ্রয়ী ও বহুমুখী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।
বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 'নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি' শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এ কথা জানান। সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিইউএইচএন) এবং এমিনেন্স সভাটি আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামের মানুষের সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভিত্তিক সুনির্দিষ্ট নেটওয়ার্ক আছে, কিন্তু নগরের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এই শূন্যতা পূরণে সরকার নগর স্বাস্থ্যের দায়িত্ব নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য পুরোপুরি সরকারি ব্যবস্থাপনায় যাওয়ার আগ পর্যন্ত আগের কাঠামো চালু রাখতে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনে নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তিও সম্পন্ন হয়েছে।
তাঁর মতে, নগরের স্বাস্থ্যসেবা শুধু হাসপাতাল ও ওষুধে সীমাবদ্ধ রাখা যাবে না। আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধও নগরবাসীর সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত। উপজেলার কাঠামো শহরে অন্ধভাবে অনুসরণ না করে প্রকৃত চাহিদা যাচাই করে পরিকল্পনা নিতে হবে। তিনি ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ার ওপর জোর দেন।
স্বাস্থ্য বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এবারই স্বাস্থ্য খাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, আর আগামী পাঁচ বছরে জাতীয় বাজেটের ৫ শতাংশ স্বাস্থ্য খাতে দেওয়ার রাজনৈতিক অঙ্গীকার আছে। বাস্তবসম্মত ও ব্যয়সাশ্রয়ী কর্মপরিকল্পনা দ্রুত তৈরিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংকের প্রতিনিধি ওয়ামেক রাজা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর।
সূত্র: সমকাল



মন্তব্য
(০)