শীত মৌসুম সামনে রেখে মুন্সিগঞ্জে আগাম শীতকালীন সবজির চারা উৎপাদন ও বিক্রি শুরু হয়েছে। সদর উপজেলার পঞ্চসার, রামপাল ও বজ্রযোগিনী এলাকায় ব্যাপকভাবে এসব চারা তৈরি করছেন কৃষক ও উদ্যোক্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে, সদরে প্রায় ১০ হেক্টর জমিতে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, বেগুন ও মরিচসহ নানা সবজির চারা উৎপাদন হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব চারা যাচ্ছে সাভার, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, রংপুর, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুরে।
কৃষকদের হিসাবে, তিন থেকে চার মাসের মৌসুমে প্রায় ৭ থেকে ৮ কোটি টাকার চারা বিক্রি হয়, আর এলাকায় ছোট-বড় দেড় শতাধিক চারা উৎপাদন প্রকল্প আছে। পঞ্চসারের চারাচাষি আতিক হাসান জানান, ৫০ শতক জমিতে তাঁর প্রায় ৫০টি বীজতলা, প্রতিটিতে কয়েক দফা চারা হয়; এক মৌসুমে বিক্রি হয় ৪০ থেকে ৪৫ লাখ টাকার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান বলেন, মুন্সিগঞ্জে চারা উৎপাদন লাভজনক খাত হয়ে উঠেছে; প্রতি বিঘা থেকে চাষিরা ১০ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয় করছেন, আর উৎপাদন ও বাজারজাতকরণে কৃষি বিভাগ সহযোগিতা করছে।
প্রতিবেদনটি এগ্রিকেয়ার২৪-এ প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে, যার সূত্র জাগো নিউজ।
ছবি: Indrakriya / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)