সোমবার (৫ অক্টোবর) সকালে মক্কার আকাশে চাঁদ পবিত্র কাবার প্রায় ঠিক মাথার ওপরে অবস্থান করেছে। জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যের বরাতে আওয়ার ইসলাম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে চাঁদ মক্কার আকাশে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, তখন উচ্চতা ছিল প্রায় ৮৯ দশমিক ৮৭ ডিগ্রি।
অর্থাৎ আকাশের ঠিক মাথার ওপরের বিন্দু থেকে চাঁদের কেন্দ্রের কৌণিক দূরত্ব ছিল মাত্র ৭ মিনিট ৪৩ সেকেন্ড চাপ। তখন চাঁদ ছিল ক্ষয়িষ্ণু বাঁকা অবস্থায়, প্রায় ৩১ দশমিক ৮ শতাংশ আলোকিত। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ছিল প্রায় ৩ লাখ ৭২ হাজার ২৫৩ কিলোমিটার, আপাত আকার প্রায় শূন্য দশমিক ৫৪ ডিগ্রি, যা আকাশে সূর্যের আপাত আকারের কাছাকাছি।
চাঁদটি খালি চোখে দেখা যাচ্ছিল, তবে দিনের আলোয় রাতের তুলনায় কম স্পষ্ট ছিল। ২০২৬ সালে কাবার ওপর চাঁদের এমন অবস্থান এ নিয়ে দ্বিতীয়বার; আগেরবার ঘটেছিল ২৮ ফেব্রুয়ারি।
জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা, চাঁদের ক্রান্তি মক্কার অক্ষাংশের কাছাকাছি এলে আর চাঁদ স্থানীয় মধ্যরেখা পার হলে সেটি প্রায় মাথার ঠিক ওপরে পৌঁছাতে পারে। এবার চাঁদের ক্রান্তি ছিল প্রায় ২১ ডিগ্রি ৩৩ মিনিট উত্তর, আর মক্কার অক্ষাংশ প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রি উত্তর।
এ ধরনের ঘটনা কিবলার দিক বোঝাতেও সহায়ক হতে পারে: যেসব জায়গা থেকে তখন চাঁদ দেখা যায়, সেখানকার মানুষ চাঁদের অবস্থানকে মক্কার দিকের একটি দৃশ্যমান নির্দেশক হিসেবে ব্যবহার করতে পারেন। তবে কিবলার দিক নির্ধারণে এখন আরও নির্ভুল প্রযুক্তি ও পদ্ধতি আছে।
ছবি: Muhammad Mahdi Karim / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.5)
সূত্র: আওয়ার ইসলাম





মন্তব্য
(০)