কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আলু ও মিষ্টি আলুর নতুন জাত উদ্ভাবন দ্রুত করার একটি গবেষণা অংশীদারত্ব উপস্থাপন করা হয়েছে কেনিয়ার নাকুরু কাউন্টির নাইভাশায় ২৬ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত ত্রয়োদশ বিশ্ব আলু কংগ্রেসে। ইউকে-সিজিআইএআর সেন্টারের পক্ষে খবরটি জানিয়েছে সিএবিআই।
স্কটল্যান্ডের জেমস হাটন ইনস্টিটিউটের ইঙ্গো হাইন (Ingo Hein) প্রকল্পটি তুলে ধরেন। প্রকল্পের নাম গেইন-আরটি (GAIN-RT), অর্থাৎ কন্দজাতীয় ফসলের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জিনগত উন্নয়ন ত্বরান্বিত করা। গবেষকেরা বিগ ডেটা, প্যান-জিনোম ও মেশিন লার্নিং দিয়ে দুই ফসলেরই জিনগত উন্নয়নের গতি বাড়াচ্ছেন।
অংশীদার হিসেবে আছে আন্তর্জাতিক আলু কেন্দ্র (সিআইপি), জেমস হাটন ইনস্টিটিউট, এগারটন বিশ্ববিদ্যালয় এবং কেনিয়া কৃষি ও প্রাণিসম্পদ গবেষণা সংস্থা (কালরো)। কাজ চলছে চার ভাগে: জিন দেখে গাছের বৈশিষ্ট্য অনুমান, এআই-নির্দেশিত জিন সম্পাদনা, তথ্য অবকাঠামো ও সক্ষমতা তৈরি, এবং প্রভাব মূল্যায়ন।
প্রাথমিক ফলে নাবি ধসা রোগের মাত্রা ও কন্দের চেহারা অনুমানে উচ্চ নির্ভুলতা মিলেছে, তবে মেশিন লার্নিংয়ের সুবিধা সব বৈশিষ্ট্যে সমান নয়। দলটি এখন মডেলগুলোর তুলনামূলক যাচাই করছে, লক্ষ্য কৃষকের কাজে লাগার মতো করে সেগুলো মাঠে আনা।
সূত্র: সিএবিআই




মন্তব্য
(০)