ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে কলকাতার আশপাশে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে কলকাতার এই সময়। খেতে পানি জমে গাছের গোড়া পচার শঙ্কা, মাঠে কাজ করাও কঠিন হয়ে পড়েছে; ক্ষতি হচ্ছে ধানেও।
এর প্রভাব পড়েছে বাজারে। কলকাতায় বেগুন, পটল, ঝিঙে ও উচ্ছে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ রুপিতে উঠেছে। কদিন আগেও জোড়া ৫০ রুপির ফুলকপি শনি-রোববার বিক্রি হয়েছে পিসপ্রতি ৩০ থেকে ৩৫ রুপিতে।
হাওড়ার শ্যামপুরের চাষি সুজিত দাস বলেন, এই বৃষ্টি পাকা ধানে মই দেওয়ার মতো। চাষিদের মতে, বৃষ্টির আগে যে সবজি তোলা গিয়েছিল, আপাতত সেটুকুই বাজারে আসছে; অনেক জমিতে পানি দাঁড়িয়ে থাকায় পরের ফসলের জোগান নিয়ে সংশয়, পানি নামার পরও মাটি শুকিয়ে চাষের উপযোগী হতে সময় লাগবে। নতুন করে জমি তৈরি, চারা বসানো ও পরিচর্যাও পিছিয়ে যাচ্ছে।
বৃষ্টিতে গ্রামের রাস্তা বেহাল হওয়ায় বাজারে সবজি পৌঁছানোর খরচও বেড়েছে; জোগান কম হলে পাইকারি দর বাড়ে, তার প্রভাব পড়ে খুচরায়। মাছ-মাংসের দামও চড়া: কাটা রুই কেজি ৩৫০ থেকে ৪০০ রুপি, কাতলা ৫৫০, পুকুরের জ্যান্ত মাছ ৩০০ থেকে ৩৫০ রুপি, মুরগি ১৮০ থেকে ২২০ রুপি, খাসি ১,১০০ রুপি; ডিমের জোড়া ১৬ থেকে ১৮ রুপি হতে পারে বলে বিক্রেতারা জানিয়েছেন।
প্রতিবেদনটি এই সময়ের অয়ন্তিকা সাহার প্রতিবেদনের তথ্য নিয়ে লেখা।
ছবি: Biswarup Ganguly / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: এই সময়




মন্তব্য
(০)