২০২৩ সালের অক্টোবরে তিস্তায় নেমে আসা হিমবাহ হ্রদ বন্যার প্রায় তিন বছর পরও পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে বহু পরিবার অস্থায়ী ত্রাণশিবিরে থাকছে, আর নদী আগের চেয়ে তাদের দোরগোড়ার কাছে।
বন্যার শুরু উজানে সিকিমের দক্ষিণ লোনাক হ্রদ ভেঙে; ক্ষতিগ্রস্ত হন ৮০ হাজার মানুষ। ২০২৫ সালে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণার হিসাবে বন্যা ২৭ কোটি ঘনমিটার পলি ভাটিতে বয়ে আনে; কেন্দ্রীয় সরকারের এক কমিটি দেখেছে, কালিম্পংয়ে নদীর তলদেশ ৬ থেকে ১৪ মিটার উঁচু হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের বর্ষায়ও বন্যা হয়েছে।
৩৬ বছরের বিজয় প্রধানের পরিবারের নিজের ঘর ছিল, আয়ের একটা অংশ আসত চাষ আর পশুপালন থেকে। এখন তিনি দিনমজুর; মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিস্তা বাজারের শিবিরে থাকেন। গাফুর বস্তিতে ১০টি পরিবার একটি অসমাপ্ত হাটঘরের ভেতরে প্লাস্টিক, বাঁশ আর টিনের ঘরে থাকে। মেল্লি থেকে বাস্তুচ্যুত আরও ৩২টি পরিবার ১০ নম্বর জাতীয় সড়কের পাশে লাবার ভোটায় বনভূমিতে আছে বন বিভাগের সাময়িক অনুমতিতে, উচ্ছেদের ভয় নিয়ে।
বাসিন্দারা জানান, সে রাতে কার্যকর কোনো আগাম সতর্কব্যবস্থা ছিল না; পুলিশ সাইরেন বাজিয়ে বাড়ি বাড়ি গিয়েছিল। হ্রদ ভাঙার তিন সপ্তাহেরও কম আগে দক্ষিণ লোনাক ও শাকো চো হ্রদে আবহাওয়া কেন্দ্র বসানো হয়েছিল, এক বছর দেরিতে; হ্রদের পানি হঠাৎ নামলে সংকেত দেওয়ার সেন্সর তখনো বসেনি।
ক্ষতির হিসাব নিয়েই সময় গেছে। ২০২৩ সালের অক্টোবরের প্রাথমিক হিসাবে প্রায় ৫৫০টি ঘর ক্ষতিগ্রস্ত; পরের জরিপে ১০৪টি, পরে আরও ১১টি যোগ হয়। পুরো ধসে যাওয়া ঘরের জন্য ৭৫ হাজার রুপি, আংশিক ক্ষতির জন্য ৫ হাজার রুপি। ২০২৫ সালের জুলাইয়ে শুরু হওয়া পুনর্জরিপ শেষ হয়েছে, ১১৬টি ঘর তৈরির কথা; কিন্তু বাসিন্দাদের সংগঠন তিস্তা সংরক্ষণ মঞ্চের সভাপতি মদন ছেত্রী সেপ্টেম্বরে জানান, প্রকল্পটি এখনো রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদনের অপেক্ষায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিকিম ৪,১০০টি ঘর মঞ্জুর করেছে ও ভাড়া সহায়তা দিয়েছে; পশ্চিমবঙ্গ বন্যাটিকে দুর্যোগই ঘোষণা করেনি। কালিম্পংয়ের জেলাশাসক মোঙ্গাবে-ইন্ডিয়ার প্রশ্নের জবাব দেননি।
কালিম্পংয়ের সংগঠন সেভ দ্য হিলসের প্রফুল্ল রাও বলেন, বন্যা প্রতিরোধের কাজ করতে হয় শীতের শুকনো মৌসুমে। আইসিমোডের সাবেক পরিচালক একলব্য শর্মার মতে, নদী প্রশাসনিক সীমানা মানে না, তাই রাজ্যগুলোর পর্যবেক্ষণের তথ্য ও সতর্কবার্তা ভাগ করা জরুরি, আর ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিয়মিত মহড়ায় শেখাতে হবে।
ছবি: Sandip Bhattacharya / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)। ছবিতে রংপোর কাছে ১০ নম্বর জাতীয় সড়কের পাশে তিস্তা।
সূত্র: Mongabay India





মন্তব্য
(০)