২০২৫-২৬ সালে ভারতে ২৫৩.৮১ মিলিয়ন টন দুধ উৎপাদিত হয়েছে, আগের বছরের ২৪৭.৮৭ মিলিয়ন টনের চেয়ে ২.৪০ শতাংশ বেশি। তবে টানা পঞ্চম বছরের মতো প্রবৃদ্ধি কমে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। ২৬ নভেম্বর প্রকাশিত বেসিক অ্যানিমেল হাজব্যান্ড্রি স্ট্যাটিসটিকস (Basic Animal Husbandry Statistics) ২০২৬-এর বরাতে এ তথ্য দিয়েছে রুরাল ভয়েস।
বার্ষিক প্রবৃদ্ধি ২০২১-২২ সালে ছিল ৫.৭৭ শতাংশ, এরপর ২০২২-২৩ সালে ৩.৮৩, ২০২৩-২৪ সালে ৩.৭৮ ও ২০২৪-২৫ সালে ৩.৫৮ শতাংশ, আর এবার ২.৪০ শতাংশ। ২০২০-২১ থেকে ২০২৫-২৬ পর্যন্ত চক্রবৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধি ৩.৮৭ শতাংশ। দীর্ঘ মেয়াদে উৎপাদন বেড়েছে প্রায় ১৫ গুণ, ১৯৫০-৫১ সালে যা ছিল ১৭ মিলিয়ন টন।
এর মধ্যেও মাথাপিছু প্রাপ্যতা বেড়ে দিনে ৪৯২ গ্রাম হয়েছে, যা ২০২৪-২৫ সালে ছিল ৪৮৫ গ্রাম ও ২০২১-২২ সালে ৪৪৬ গ্রাম। শীর্ষে পাঞ্জাব, দিনে ১,৩২৭ গ্রাম; এরপর রাজস্থান ১,২৩৯ গ্রাম ও হরিয়ানা ১,১৪২ গ্রাম। এফএওর তথ্য উদ্ধৃত করে প্রতিবেদন বলছে, ২০২৪ সালে ভারত ২৪৭.৮৪ মিলিয়ন টন দুধ উৎপাদন করেছে, যা বিশ্বের মোট ৯৮৪.৭৬ মিলিয়ন টনের ২৫.২ শতাংশ; এরপর যুক্তরাষ্ট্র (১০২.৪৮ মিলিয়ন টন), পাকিস্তান (৬৬.৬৭ মিলিয়ন টন), চীন ও ব্রাজিল।
২০২৫-২৬ সালে ভারতের দুধের ৫৩.৮০ শতাংশ এসেছে পাঁচটি রাজ্য থেকে। শীর্ষে উত্তর প্রদেশ, ৩৯.৪৯ মিলিয়ন টন (১৫.৫৬ শতাংশ); এরপর রাজস্থান ৩৭.৪৪, মধ্য প্রদেশ ২২.৬৮, গুজরাট ১৯.৯৫ ও মহারাষ্ট্র ১৬.৯৯ মিলিয়ন টন। বড় উৎপাদক রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি, ৬.৫৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে তামিলনাড়ুতে।
দুধের ৫৩.৬৩ শতাংশ এসেছে গরু থেকে, ৪৩.০২ শতাংশ মহিষ থেকে; দুটি মিলিয়ে ৯৬ শতাংশের বেশি। বিদেশি ও সংকর জাতের গরু দিয়েছে মোট দুধের ৩২.৯৮ শতাংশ, দেশি ও অনির্দিষ্ট জাতের গরু ২০.৬৫ শতাংশ; বিদেশি ও সংকর গরুর দুধ ৩.৩০ শতাংশ বেড়ে ৮৩.৭১ মিলিয়ন টন হয়েছে।
প্রতিবেদন: টিম রুরাল ভয়েস।
ছবি: ILRI/Stevie Mann / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: Rural Voice




মন্তব্য
(০)