দেশে ভুট্টার আবাদ দ্রুত বাড়লেও এর মূল উপকরণ বীজের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ এখনো আমদানি করতে হচ্ছে। ফলে কৃষককে বাড়তি দামে বীজ কিনতে হচ্ছে এবং উৎপাদন খরচ বাড়ছে, আর বৈদেশিক মুদ্রাও বাইরে চলে যাচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যে, ২০১৫-১৬ অর্থবছরে দেশে ভুট্টা উৎপাদন হয়েছিল ২৭ লাখ ৫৯ হাজার টন। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৫ অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫ হাজার ৫৩৮ টনে, অর্থাৎ এক দশকে প্রায় দ্বিগুণ। মানুষের খাবারের পাশাপাশি পোলট্রি, ডেইরি ও মাছের খাদ্যে চাহিদা বাড়ায় আবাদ বাড়ছে।
মন্ত্রণালয়ের বীজ উইংয়ের হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে ভুট্টাবীজের চাহিদা ছিল ১৪ হাজার ২০০ টন, সরবরাহ ৯ হাজার ৬৫৬ টন, যা চাহিদার ৬৮ শতাংশ। এর মধ্যে সরকারি খাতের অবদান মাত্র ৪১২ টন, বাকি ৯ হাজার ২৪৪ টন বেসরকারি খাতের। বিএডিসির ওই অর্থবছরে বীজ উৎপাদনের লক্ষ্য ছিল ৩০ টন, উৎপাদন হয়েছে ৭ দশমিক ৯৫ টন।
দেশে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) ও বারির মোট ২৯টি ভুট্টার জাত রয়েছে, যার তিনটি বিডব্লিউএমআরআইয়ের হাইব্রিড। সংস্থাটির দাবি, বিডব্লিউএমআরআই-২ হেক্টরে ১২ থেকে ১৪ টন ফলন দেয়। বিএডিসির অবমুক্ত হাইব্রিড ভুট্টা-৩ জাতের ফলন হেক্টরে ১৪ থেকে ১৬ টন বলে জানানো হয়েছে।
দামের ফারাকও বড়। সরকারিভাবে দেশে উৎপাদিত বীজ এ মৌসুমে কৃষক পর্যায়ে কেজি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ড. মাহফুজ বাজ্জাজ। অন্যদিকে আমদানি করা বীজ জাতভেদে কেজি ৬০০ থেকে ১ হাজার টাকার বেশি। খাতসংশ্লিষ্টদের হিসাবে দেশে উৎপাদিত বীজে কেজিতে ২০০ টাকা কমলে হেক্টরে কৃষকের খরচ ৩ থেকে ৪ হাজার টাকা কমবে।
বিডব্লিউএমআরআইয়ের তথ্যে একরে ভুট্টা চাষে খরচ ৫৭ হাজার ৪৭০ টাকা। একরে গড়ে ১৩০ মণ ফলন ধরলে মণপ্রতি খরচ প্রায় ৪৪০ টাকা, আর মণ ৯০০ টাকা দরে একরে লাভ থাকে ৫৯ হাজার ৫৩০ টাকা।
লাল তীরের এজিএম মোহাম্মদ খালেদ মোস্তফা বলেন, দেশে গবেষণা কম বলে নিজস্ব জাতও কম। তাঁর দাবি, দেশি কয়েকটি জাতে আর্দ্রতা বেশি থাকায় শুকানোর পর ওজন কমে যায়। এসিআই মৌসুমে ৮০০ থেকে ৯০০ টন ভুট্টাবীজ বাজারজাত করে, যার প্রায় ৩০০ টন এখন দেশে উৎপাদন করছে। এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী বলেন, ভুট্টাবীজের ৯০ শতাংশের বেশি আমদানি করা হয় এবং এটি একটি বৈশ্বিক পণ্য।
প্রতিবেদনটি কৃষি সময় ডেস্কের।
ছবি: Reaid Hossain / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)