বাড়ির বাগানে রসুন লাগানোর সময় নিয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিজৌরি এক্সটেনশনের উদ্যানতত্ত্ববিদ ডেভিড ট্রিঙ্কলাইন (David Trinklein)। মার্কিন মধ্য-পশ্চিমাঞ্চলে সেপ্টেম্বরই রসুন লাগানোর সময়। রসুন (Allium sativum) শীতকালীন ফসল; বুনো অবস্থায় পাওয়া যায় না, উৎপত্তি সম্ভবত মধ্য এশিয়ায়। সাত হাজার বছরের বেশি সময় ধরে এটি খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে, জাত আছে প্রায় ৬০০টি।
হার্ডনেক জাতে ফুলের ডাঁটা হয়, স্বাদ বেশি, খোসা সহজে ছাড়ে, কিন্তু মাত্র তিন-চার মাস রাখা যায়। সফটনেক জাত বেশি ফলনশীল ও সহজে চাষযোগ্য, ছয় থেকে আট মাস রাখা যায়; বাজারের বেশির ভাগ রসুন এই ধরনের।
রসুন ভালো হয় রোদে, পানি দাঁড়ায় না কিন্তু আর্দ্রতা ধরে রাখে এমন জৈব পদার্থসমৃদ্ধ মাটিতে, পিএইচ ৬ থেকে ৭; মাটি পরীক্ষায় পিএইচ ৫.৮-এর নিচে হলে চুন দিতে হয়। একেকটি কোয়া ২ থেকে ৩ ইঞ্চি গভীরে, সুচালো দিক ওপরে রেখে, প্রায় ৬ ইঞ্চি দূরে লাগাতে হয়; লাগানোর দিনই কোয়া আলাদা করতে হয়। বাজারের রসুন লাগাতে নিষেধ করেছেন ট্রিঙ্কলাইন। মাটি পরীক্ষা না থাকলে প্রতি ১০০ বর্গফুটে ১ থেকে ২ পাউন্ড ১০-১০-১০ সার দেওয়া যায়, বসন্তে পাতা বেরোলে বাড়তি নাইট্রোজেন।
আগাছার সঙ্গে রসুন পেরে ওঠে না, তাই জমি আগাছামুক্ত রাখতে হবে; পরিমিত সেচ দিতে হবে, পাতা শুকাতে শুরু করলে সেচ বন্ধ। মধ্য-পশ্চিমাঞ্চলে পরের বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শুরুতে রসুন তোলা হয়; ৩২ থেকে ৩৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ও প্রায় ৬০ শতাংশ আর্দ্রতায় ভালো থাকে। থ্রিপস ও পেঁয়াজের মাছির মতো পোকা আর বট্রাইটিসের মতো রোগ পরিচ্ছন্নতা ও শস্যাবর্তনে নিয়ন্ত্রণে রাখা যায়।
ছবি: Jeremy Keith / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: Morning Ag Clips





মন্তব্য
(০)