ভারতের হিমাচল প্রদেশ প্রাকৃতিক চাষে উৎপাদিত হলুদের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) কেজিপ্রতি ১৫০ রুপি থেকে বাড়িয়ে ১৭০ রুপি এবং প্রাকৃতিক চাষের গমের দাম কেজিপ্রতি ৮০ রুপি থেকে বাড়িয়ে ৯০ রুপি করছে, আগামী বছর থেকে। ১৯ নভেম্বর কাংড়া জেলার টান্ডায় রাজ্যের প্রাকৃতিক চাষ প্রকল্প রাজীব গান্ধী প্রাকৃতিক খেতি খুশাল কিষান যোজনার উপকারভোগীদের সঙ্গে এক মতবিনিময়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্খু (Sukhvinder Singh Sukhu) এ ঘোষণা দেন।
সুক্খু বলেন, লক্ষ্য হলো প্রাকৃতিক চাষ ছড়িয়ে দেওয়া, কৃষকের আয় বাড়ানো এবং চাষকে লাভজনক ব্যবসায় পরিণত করা, যাতে কৃষকের মাসিক আয় ৪০ থেকে ৫০ হাজার রুপিতে পৌঁছায়। তাঁর ভাষ্য, রাজ্য নিজ উদ্যোগে প্রাকৃতিক চাষের পণ্যে সহায়ক মূল্য চালু করেছে, দুধকেও এখন এই কাঠামোয় আনা হয়েছে, আর আর্থিক লোকসান সত্ত্বেও সরকার সরাসরি কৃষকের হাতে টাকা দিচ্ছে। তিনি কৃষকদের জমি বিক্রি না করার আহ্বান জানান।
হলুদকে উৎসাহ দেওয়ার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বলেন, বন্যপ্রাণী এই ফসলের তুলনামূলক কম ক্ষতি করে। কৃষিমন্ত্রী চন্দর কুমার বলেন, কৃষকের পরামর্শ নিয়েই নীতি তৈরি হবে, আর কৃষিপণ্যে সহায়ক মূল্য চালু করা প্রথম রাজ্যগুলোর একটি হিমাচল।
সভায় কৃষকেরা নিজেদের অভিজ্ঞতা জানান। লাম্বাগাঁওয়ের পুনিচাঁদ রানা বলেন, তাঁর গ্রামের চাষযোগ্য জমির ৭০ থেকে ৮০ শতাংশ ঝোপঝাড়ে ঢাকা পতিত পড়ে ছিল; এখন কৃষকেরা সেখানে হলুদ চাষ করছেন, হলুদের বীজ বিক্রি করেও আয় করছেন। পাঠিয়ারের সুনীতা রানী রান্নাঘরের পাশের বাগানে শুরু করে এখন ভুট্টা চাষ করছেন, বড় পরিসরে হলুদ চাষের পরিকল্পনা করছেন। ধর্মশালার গীতা দেবী নিজের জমি ছাড়াই ইজারা নেওয়া জমিতে চাষ করেন। বৈজনাথের নবেন্দ্র কাটোচ জানান, তাঁদের এলাকায় প্রায় ১০০ হেক্টর জমিতে প্রাকৃতিক চাষ হচ্ছে।
রাজ্য সরকার কাংড়া জেলার ঢাগওয়ারে আনুমানিক ৩০০ কোটি রুপি ব্যয়ে একটি দুধ প্রক্রিয়াকরণ কারখানাও গড়ছে, যা কৃষকের কাছ থেকে দিনে দেড় লাখ লিটার দুধ সংগ্রহ করবে। কারখানায় দুধ পৌঁছানোর পরিবহন খরচ বহন করবে রাজ্য সরকার।
সুক্খু আরও বলেন, রাজ্যের তরুণদের যাতে কাজের খোঁজে বাইরে যেতে না হয়, সে জন্য সরকার আয় ও কর্মসংস্থান তৈরিতে কাজ করছে। সভায় অগ্রসর কৃষকদের সম্মাননা দেওয়া হয়।
প্রতিবেদনটি লিখেছেন অজিত সিং।
সূত্র: Rural Voice




মন্তব্য
(০)