যেসব কৃষিপণ্য আমদানি করতে হয়, সেগুলোর উৎপাদন বাড়িয়ে পর্যায়ক্রমে আমদানি থেকে বেরিয়ে আসা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ৫ নভেম্বর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম ও লিচুবাগান, আধুনিক পদ্ধতির আদা, গ্রীষ্মকালীন কাঁচামরিচ ও টমেটোর খেত এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচ প্রকল্প পরিদর্শনের সময় কৃষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন, জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।
মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানের গাছের মাঝের অব্যবহৃত জমিতে আদা চাষ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে, কৃষকেরও বাড়তি আয় হবে। এ জন্য মাটির উপযোগিতা যাচাই করে ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে সেচে নদীর পানি ব্যবহারের উদ্যোগ বাড়ানো হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে একটি বড় প্রকল্প তাঁর কাছে এসেছে, যা অনুমোদনের পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। তাঁর মতে, আমের সংরক্ষণকাল বাড়ানো গেলে মৌসুমে দাম অস্বাভাবিকভাবে পড়ে যাওয়া ঠেকানো যাবে, কৃষকও ন্যায্য দাম পাবেন।
পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আদা, রসুন ও বর্ষাকালীন টমেটোর উৎপাদন বাড়াতেও সরকার গুরুত্ব দিচ্ছে; আগামী মৌসুম থেকে বর্ষাকালীন টমেটো চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। কৃষিকে আমদানিনির্ভরতা থেকে রপ্তানিমুখী খাতে নিয়ে যাওয়া এবং কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করাই লক্ষ্য বলে জানান তিনি।
পরিদর্শনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বিএমডিএর প্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
ছবি: তথ্য অধিদপ্তর (পিআইডি) / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: কৃষি তথ্য সার্ভিস




মন্তব্য
(০)