দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আমন ও স্বল্পমেয়াদি আউশ কাটার পর ফাঁকা জমিতে আগাম জাতের আলু চাষ শুরু হয়েছে। মৌসুমের শুরুতে নতুন আলুর বাড়তি দামের আশায় ঝুঁকি নিয়েই মাঠে নেমেছেন প্রান্তিক কৃষকেরা; ভোর থেকে চলছে জমি তৈরি, সার প্রয়োগ ও বীজ রোপণ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, চলতি মৌসুমে ফুলবাড়ীতে মোট এক হাজার ৪৮০ হেক্টরে আলু চাষের লক্ষ্য ধরা হয়েছে, এর মধ্যে আগাম জাতের লক্ষ্য ৭৫০ হেক্টর। আগাম আবাদ থেকে ১৬ হাজার ৫০০ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষকেরা স্টারিক ও রোমানাসহ উচ্চফলনশীল আগাম জাত রোপণ করছেন।
আগাম আলুতে শুরুতেই বড় বিনিয়োগ লাগে। জমি ইজারা, ভালো বীজ, সার, কীটনাশক ও চাষের খরচ মিলিয়ে উৎপাদন ব্যয় অনেক বেড়েছে বলে জানান কৃষকেরা।
শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান, নিজের জমি না থাকায় তিনি দুই বিঘা জমি ৪০ হাজার টাকায় ইজারা নিয়েছেন; সঙ্গে বীজ, সার ও শ্রমিকের খরচ আছে। ভালো ফলন পেলে বিনিয়োগ উঠে এসে লাভ হবে বলে তাঁর আশা।
সূত্র: দিনাজপুর টিভি




মন্তব্য
(০)