যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) কৃষি বিশেষজ্ঞরা স্ট্র ক্রেস্ট মথ (Mesophleps silacella) নামের একটি বিদেশি পতঙ্গ আটক করেছেন। দেশটির কোনো প্রবেশবন্দরে এই প্রজাতি এর আগে কখনো ধরা পড়েনি।
ঘটনাটি জানুয়ারির। নিয়মিত পরিদর্শনের সময় কৃষিপণ্য সন্ধানী একটি কুকুর ঘানা থেকে আসা লাগেজের দিকে কর্মীদের সংকেত দেয়। ব্যাগের ভেতরের ভুট্টা ও বীজে একটি ছোট ডানাওয়ালা পতঙ্গ পাওয়া যায়, যা পরে মার্কিন কৃষি বিভাগের বিশেষজ্ঞরা শনাক্ত করেন। ১২ আগস্ট স্থানীয় সিবিপি কর্মকর্তারা কৃষি বিভাগের সঙ্গে শনাক্তকরণ নিশ্চিত করেন।
স্ট্র ক্রেস্ট মথ ইউরোপ ও আফ্রিকার কিছু অংশে পাওয়া যায় এবং রকরোজ গোত্রের উদ্ভিদ খায় বলে জানা যায়। এটি জেলেকিড পরিবারের সদস্য, যার বিশ্বে প্রায় ৪,৭০০ প্রজাতি আছে; এর মধ্যে কয়েকটি আক্রমণাত্মক ও ক্ষতিকর বালাই। নিজ এলাকায় শিকারি প্রাণী ও উদ্ভিদের প্রতিরোধক্ষমতা এদের নিয়ন্ত্রণে রাখে, কিন্তু নতুন জায়গায় পৌঁছালে সেই ভারসাম্য ভেঙে যেতে পারে।
বন্দর পরিচালক ফাদিয়া পাস্তিলং (Fadia Pastilong) বলেন, দেশে প্রথমবারের এই আটক প্রমাণ করে কৃষি বিশেষজ্ঞরা কতটা খুঁটিয়ে পরীক্ষা করেন; ডেট্রয়েটের দলটি প্রতিবছর শত শত বালাই আটকায়।
লাগেজের মালিক ঘানার নাগরিককে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির নিয়ম জানিয়ে ছেড়ে দেওয়া হয়। মাঠ কার্যক্রম বিভাগের পরিচালক মার্টি রেবন (Marty Raybon) বলেন, খাদ্য ও কৃষিপণ্যের ঘোষণা দেওয়া নিছক আনুষ্ঠানিকতা নয়, এটি ফসল ও খাদ্য সরবরাহ রক্ষার প্রথম প্রতিরক্ষা।
ব্যক্তিগত লাগেজে বহন করা বীজ ও শস্য কীভাবে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পতঙ্গ ছড়াতে পারে, এ ঘটনা তারই উদাহরণ; সে কারণেই যাত্রীদের সীমান্তে উদ্ভিদজাত পণ্য ঘোষণা করতে বলা হয়।
সূত্র: AGDAILY





মন্তব্য
(০)