ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর মধ্যে নির্মিত ২০টি অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ আনসার সদস্যদের নিয়ে এ অভিযান চালান।
প্রশাসন সূত্রে জানা যায়, চর শালিপুর ও সিট মির্জাপুরের খাঁ এলাকায় নদীতে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ আটকে রাখা হয়েছিল। একটি প্রভাবশালী মহল এভাবে মাছ শিকার করছিল। এতে মাছের চলাচল ও উৎপাদন ব্যাহত হচ্ছিল, সাধারণ জেলেরা মাছ ধরতে পারছিলেন না।
ভুক্তভোগী জেলেরা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খাঁন বাবুলের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি ইউএনওকে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলেন, এরপরই অভিযান হয়।
ইউএনও জুলহাস হোসেন সৌরভ বলেন, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এসব বাঁধ মাছের প্রজনন ও চলাচল ব্যাহত করে এবং জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অভিযানে জব্দ করা কারেন্ট জাল ও চায়না দুয়ারী নদীর পারে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং এমন অভিযান চলবে বলে জানান তিনি।
স্থানীয় জেলেরা বলছেন, এতে নদীর স্বাভাবিক পরিবেশ ফেরার পথ সহজ হলো। তাঁরা চান, আবার যেন কেউ বাঁধ দিয়ে তাঁদের জীবিকায় বাধা দিতে না পারে, সে জন্য প্রশাসন নিয়মিত নজরদারি রাখুক।
সূত্র: বাংলা নিউজ ২৪



মন্তব্য
(০)