পটুয়াখালীর দুমকী উপজেলায় ২৫০ কৃষাণীকে বাড়ির আঙিনা ও পতিত জমিতে আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (৬ অক্টোবর) পল্লী সেবা সংঘের (পিএসএস) মিলনায়তনে তাঁদের হাতে ছয় ধরনের শাকসবজির বীজ তুলে দেওয়া হয়।
সংগঠনটির উদ্যোগে কৃষাণীদের চারটি ব্যাচে তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয় ছিল আঙিনা ও পতিত জমিতে সবজি চাষ, ফলন বাড়ানো, রোগবালাই দমন, নিরাপদ উৎপাদন এবং উৎপাদিত সবজি বাজারে বিক্রি। কৃষিকাজে তথ্যপ্রযুক্তির ব্যবহারও শেখানো হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা তরুন হালদার ও ফারজানা লিনা। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক অলিউল ইসলাম; সভাপতিত্ব করেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মাদ কবির হাওলাদার।
বক্তারা বলেন, বাড়ির আঙিনা ও পতিত জমিতে পরিকল্পনা করে সবজি চাষ করলে পরিবারের পুষ্টির চাহিদা মেটে, আর বাড়তি সবজি বিক্রি করে আয়ও হয়। এতে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ খোলে।
আয়োজকেরা জানান, উন্নত জাতের বীজ আর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আঙিনা ও পতিত জমিকে উৎপাদনে আনাই এ উদ্যোগের লক্ষ্য, যাতে কৃষাণীদের আয় বাড়ে।
ছবি: Hridoye Mati O Manush / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: এগ্রিকেয়ার২৪




মন্তব্য
(০)