ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখা ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শনিবার (৩ অক্টোবর) বিভিন্ন কাঁচাবাজারে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ফকিরাপুল, কাপ্তান বাজার, বাসাবো বউ বাজার ও নবাবগঞ্জ বাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চলে।
অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে বাসাবো বউ বাজারে ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি কেনার রশিদ ও মুনাফার পরিমাণ যাচাই করা হয়। বেশি দামে ডিম না বেচতে সতর্ক করার পাশাপাশি ফুটপাত দখল ও আইন অমান্যের দায়ে দুটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ফুটপাতে রাখা মালামাল সরিয়ে দেওয়া হয়।
ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বাজার তদারকি করেন। তাঁরা ডিমের সরবরাহ পরিস্থিতি দেখেন এবং কৃত্রিম সংকট তৈরি বা বাড়তি দামে বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।
নবাবগঞ্জ বাজারে অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী এবং অঞ্চল-৫-এর ৭ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজারে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জয়নাল মোল্লার নেতৃত্বে মনিটরিং হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে ডিএসসিসি।
ছবি: Evan-Amos / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: কৃষি সংবাদ





মন্তব্য
(০)