তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আনতালিয়ায় সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের দুই সপ্তাহের জলবায়ু সম্মেলন কপ৩১। প্রায় ২০০ দেশের প্রতিনিধিসহ এক লাখের বেশি মানুষের অংশ নেওয়ার কথা। তবে ভূরাজনৈতিক উত্তেজনা, জলবায়ু তহবিল ও জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে বড় অগ্রগতির প্রত্যাশা কম, এএফপির বরাতে জানিয়েছে ঢাকা ট্রিবিউন।
সম্মেলন হচ্ছে নেপালের ভয়াবহ বন্যা, ইউরোপের তীব্র তাপপ্রবাহ ও ইন্দোনেশিয়ার বড় দাবানলের পর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকট ও জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপও এর ওপর পড়তে পারে। আর্থিক চাপে থাকা উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে বাড়তি অর্থ দিতে আগ্রহী নয়।
চলতি বছরের শেষে এল নিনোর প্রভাব সর্বোচ্চে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ২০২৬ বা ২০২৭ সাল ইতিহাসের উষ্ণতম বছর হওয়ার আশঙ্কাও আছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ জানায়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার পথে।
সভাপতি তুরস্ক হলেও একটি বিশেষ সমঝোতায় আলোচনায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। সম্মেলনের স্থান নিয়ে বিরোধ মেটাতেই এই ব্যবস্থা। অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন বলেন, প্রায় ২০০ দেশের ঐকমত্যে পৌঁছানো সহজ হবে না, তবে সহযোগিতার বিকল্প নেই।
কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, অতীতের অঙ্গীকারগুলোকে বাস্তব ফলাফলে রূপ দেওয়ার চেষ্টা করবে এবারের সম্মেলন। তুরস্ক একটি স্বেচ্ছামূলক অ্যাকশন এজেন্ডাও তুলছে, যার একটি প্রধান উদ্যোগ বিদ্যুতায়ন: এখন বিশ্বের জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ বিদ্যুতে মেটে, ২০৩৫ সালের মধ্যে তা ৩৫ শতাংশ করতে চায় দেশটি।
ইউরোপীয় ইউনিয়ন জোর দিচ্ছে পরিচ্ছন্ন বিদ্যুতায়নে, যা জীবাশ্ম জ্বালানির ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তুলতে পারে। ২০২৩ সালের কপ২৮-এ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চুক্তি হলেও বাস্তবায়নের পথ ঠিক হয়নি। গত বছরের কপ৩০ চুক্তিতে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তিতে বিষয়টির স্পষ্ট উল্লেখ ছিল না, ব্রাজিল পরে একটি স্বেচ্ছামূলক রূপরেখা তৈরি করে।
সূত্র: ঢাকা ট্রিবিউন



মন্তব্য
(০)