বিশ্বে প্রতি বছর প্রায় ৭ কোটি ৩৫ লাখ মানুষের প্যালিয়েটিভ কেয়ার বা উপশমমূলক সেবা দরকার হয়, কিন্তু তাঁদের মাত্র ১৪ শতাংশ এই বিশেষায়িত সেবা পান। স্বল্প ও মধ্যম আয়ের দেশে হার আরও কম, মাত্র ৪ শতাংশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। ওয়ার্ল্ডওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স (ডব্লিউএইচপিসিএ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথভাবে প্রকাশিত "গ্লোবাল অ্যাটলাস অব প্যালিয়েটিভ কেয়ার"-এর তৃতীয় সংস্করণ নিয়ে সেমিনারটি হয়।
সেমিনারে জানানো হয়, বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষের প্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত ওষুধ, বিশেষ করে ব্যথানাশক ওষুধে সামান্য বা কোনো প্রবেশাধিকার নেই। তবে অগ্রগতিও আছে: ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে বিশেষায়িত প্যালিয়েটিভ কেয়ার প্রতিষ্ঠানের সংখ্যা ২৫ হাজার থেকে বেড়ে প্রায় ৩৩ হাজার ৭২০টিতে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্যালিয়েটিভ মেডিসিন যুক্ত করা এবং কমিউনিটিভিত্তিক সেবা বাড়ানোর ওপর জোর দেন। তাঁরা বলেন, প্যালিয়েটিভ কেয়ার কেবল রোগীর চিকিৎসা নয়; রোগীর শারীরিক ও মানসিক কষ্ট কমানোর পাশাপাশি পরিবারকে সহায়তা দেওয়াও এর অংশ, তাই প্রাথমিক স্বাস্থ্যসেবা, কমিউনিটি ও পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্বজন হারানোর পর পরিবারের সদস্যদের মানসিক ও সামাজিক সহায়তার কথাও আলোচনায় আসে।
মূল বক্তব্য উপস্থাপন করেন প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৈয়দা শারমিন কাদের। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম মতিউর রহমান ভূঁইয়া; উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আফরোজ আলম ও মোস্তফা কামাল চৌধুরী। সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. কাজী মাকসুদা আওয়ার। প্রতিবেদনটি প্রতিদিনের সংবাদের।
সূত্র: প্রতিদিনের সংবাদ




মন্তব্য
(০)