কানাডা যুক্তরাষ্ট্রের বাইরে অন্য বাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু দেশের ভেতরে ব্রিটিশ কলাম্বিয়া (British Columbia) প্রদেশ এখনো আমদানি করা ফলের ওপর নির্ভরশীল। অক্টোবরে প্রকাশিত প্রদেশের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ গাছের ফল উৎপাদন প্রতিবেদন বলছে, সমস্যাটা সবচেয়ে প্রকট মিষ্টি চেরিতে।
ব্রিটিশ কলাম্বিয়ার চেরিচাষিরা নানা দেশে ফল রপ্তানি করেন; দীর্ঘ মেয়াদে তার প্রায় অর্ধেক যায় যুক্তরাষ্ট্রে। অথচ নিজের বাজারে জুন, জুলাই ও আগস্টে, ঠিক যখন তাঁদের চেরি বাজারে আসে, তখনই আমদানি করা চেরির ঢল নামে। চেরি আমদানির ৯০ শতাংশ হয় এই তিন মাসে, আর জুনে আমদানির মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৭০ লাখ ডলার।
আপেলের চিত্র আলাদা। প্রদেশের আপেলচাষিরা মূলত যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামে রপ্তানি করেন, আর আপেল আমদানি সারা বছর মোটামুটি একই থাকে; শীতের শেষে স্থানীয় আপেল কমে গেলে আমদানি বাড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশের ভেতরের চাহিদা মেটাতে না পারায় ব্রিটিশ কলাম্বিয়া প্রতিবছর প্রায় ২৫ কোটি ডলারের গাছের ফল আমদানি করে। অথচ ২০২৫ সালে প্রদেশের চাষিরা ফল বিক্রি করেছেন ১৬ কোটি ৩০ লাখ ডলারের।
অন্য পণ্যেও একই ফারাক। ব্লুবেরি প্রদেশের সবচেয়ে দামি রপ্তানি ফল; ২০২৫ সালে বিদেশে গেছে ১৯ কোটি ৬০ লাখ ডলারের ব্লুবেরি। তবু জৈব চাষিরা বলছেন, প্রদেশ যত বেরি রপ্তানি করে, আমদানি করে তার সাড়ে চার গুণ। কানাডিয়ান হানি কাউন্সিলের হিসাবে কানাডা বছরে ৯০ লাখ কেজি মধু যুক্তরাষ্ট্র ও জাপানে রপ্তানি করে, আর আমদানি করে ১ কোটি কেজি, এমন সব দেশ থেকে যাদের মান নিশ্চিতকরণের মানদণ্ড কানাডার সমান নয়।
ফেব্রুয়ারি থেকে সরিয়ে ফসল তোলার মৌসুমে আনা 'বিসি অ্যাপল মাস'-এর মতো প্রচারণা স্থানীয় ফলের পরিচিতি বাড়ায়, কিন্তু আমদানির হিসাবই বলে দেয় চাহিদার অভাব নেই; সমস্যা উৎপাদনে। গত এক দশকে বিমাকৃত ফলবাগানের জমি ১,৬০০ একর বেড়ে ২০২৫ সালে দাঁড়িয়েছে ১৪,২৫০ একরে, আর এই বৃদ্ধির পুরোটাই মিষ্টি চেরিতে; অন্য সব ফলের জমি হয় একই আছে, নয়তো অনেক কমেছে।
ছবি: Elina Mark / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Country Life in BC




মন্তব্য
(০)