যুক্তরাষ্ট্রের তুলনায় ব্রাজিলে কৃষিজমি সস্তা থাকার সুবিধা অনেকটা কমে এসেছে। পারডু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কমার্শিয়াল অ্যাগ্রিকালচারের নতুন তুলনার বরাতে এনএএফবি নিউজ সার্ভিসের খবর প্রকাশ করেছে American Ag Network।
গবেষকেরা ২০০২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সয়াবিন ও ভুট্টার দুই বড় অঞ্চল, যুক্তরাষ্ট্রের আইওয়া আর ব্রাজিলের মাতো গ্রোসোর জমির দাম তুলনা করেছেন। আইওয়ায় একরপ্রতি জমির দাম ২০০২ সালের ২,০৮৩ ডলার থেকে ২০২৫ সালে ১১,৫৪৯ ডলারে উঠেছে। মাতো গ্রোসোতে শুরু অনেক কম দামে হলেও ২০২২ সালে তা ১১,১৪৫ ডলারে পৌঁছায়, তারপর ২০২৫ সালে নেমে আসে ৯,০৬৬ ডলারে।
পুরো সময়ে জমির দাম বছরে চক্রবৃদ্ধি হারে আইওয়ায় ৭.৭ শতাংশ আর মাতো গ্রোসোতে ৮.৭ শতাংশ বেড়েছে। ২০২৫ সালে আইওয়ার জমি ২৭ শতাংশ বেশি দামি ছিল।
গবেষকদের মতে, দুই দেশেই খামারের ভালো মুনাফা ও পণ্যের দাম জমির দাম বাড়িয়েছে; তবে সম্প্রতি ফসলের দাম কমা, উপকরণের খরচ বাড়া আর ঋণ কঠিন হওয়ায় ব্রাজিলের কৃষকেরা চাপে পড়েছেন। ব্রাজিলে জমির উঁচু দাম ও সুদের হারের কারণে জমি কেনার টাকা তুলতে কৃষকের সময় বেশি লাগছে।
ছবি: James Martins / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: American Ag Network





মন্তব্য
(০)