কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি গ্রামে একই পরিবারের সাতজন দুরারোগ্য সেরিব্রাল অ্যাট্রোফিতে (মস্তিষ্কের টিস্যুর ক্ষয়) আক্রান্ত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন, জানিয়েছে ইত্তেফাক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক জানিয়েছেন, তাঁরা বংশগতভাবেই এ রোগে আক্রান্ত।
আক্রান্তরা হলেন ৮২ বছর বয়সী আজিজুল হকের ছেলে বেলাল উদ্দিন (৪৮), হেলাল উদ্দিন (৪৪), আব্দুল জব্বার (৩৯), মেয়ে সুমি খাতুন (৩২), বেলালের মেয়ে রিয়া খাতুন (২২) ও ছেলে আহমদ আলী (২৪), এবং আব্দুল জব্বারের ছেলে সুমন আহমেদ (১৭)। পরিবারের তথ্যমতে, আজিজুল হকের স্ত্রী মলিনা খাতুন প্রথম এ রোগে আক্রান্ত হন এবং প্রায় ১২ বছর ভুগে ১৫ বছর আগে মারা যান।
মায়ের মৃত্যুর পর তিন ছেলে ও মেয়ে ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে একে একে আক্রান্ত হন; যথাক্রমে ১৬, ১৩, ১২ ও ৮ বছর ধরে তাঁরা আলাদা ঘরে শয্যাশায়ী। নড়াচড়া, নিজের কাজ, এমনকি ঠিকমতো কথা বলাও তাঁদের পক্ষে সম্ভব নয়। বেলালের স্ত্রী নুরবানু বলেন, মেয়ে রিয়া তিন বছর ধরে শয্যাশায়ী, তার চার বছরের নিচে তিনটি সন্তান; ঘরে খাবার নেই, এলাকাবাসী দিলে খান, না দিলে না খেয়ে থাকেন।
মালয়েশিয়াফেরত আহমদ আলী জানান, সেখানে প্রচণ্ড জ্বরের পর থেকে কথা আটকে যাওয়াসহ সমস্যা শুরু হয়। পরিবারের লোকজন জানান, চলতি নভেম্বরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিনের অধ্যাপক মো. পারভেজ আমিন পরীক্ষা করে সেরিব্রাল অ্যাট্রোফি নির্ণয় করেন এবং জানান এর নিরাময়ের চিকিৎসা নেই।
ডা. একরামুল হক বলেন, সেরিব্রাল অ্যাট্রোফি পুষ্টিহীনতা, ডায়াবেটিস ও জিনগত কারণে হতে পারে; এই পরিবারে মূলত জিনগত কারণেই হয়েছে, তাই রোগমুক্তির সম্ভাবনা নেই, শুধু লক্ষণভিত্তিক চিকিৎসা দিতে হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস জানান, ইউএনওর সঙ্গে পরামর্শ করে পরিবারটিকে এককালীন সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। ইউএনও আমিরুল আরাফাত বলেন, তাঁরা পরিবারটির সঙ্গে দেখা করেছেন এবং যতটা সম্ভব সহযোগিতা করবেন।
সূত্র: ইত্তেফাক



মন্তব্য
(০)