ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী এবং বিদেশ থেকে ফেরা শ্রমিকদের ঋণ দিতে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৭ শতাংশ সুদে এই ঋণ বিতরণ করা হবে। একজন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না। ব্যাংক প্রয়োজন মনে করলে ঋণগ্রহীতার কাছ থেকে দুজন গ্যারান্টর নিতে পারবে।
ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী, বিদেশফেরত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা এই কর্মসূচিতে ঋণ নিতে পারবেন। স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও নারী উদ্যোক্তারাও সুবিধার আওতায় থাকবেন।
ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা হলেও সর্বোচ্চ পাঁচজন মিলে যৌথভাবে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণ নেওয়ার পর সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড থাকবে, অর্থাৎ প্রথম ছয় মাস কিস্তি দিতে হবে না; এরপর কিস্তি শুরু হবে।
তবে কোনো ঋণখেলাপি এই কর্মসূচির আওতায় ঋণ পাবেন না। ঋণ বিতরণ হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে, তাই আগ্রহী কৃষকদের নিজ এলাকার ব্যাংক শাখাতেই যোগাযোগ করতে হবে। প্রতিবেদনটি ইত্তেফাক ডিজিটাল ডেস্কের।
ছবি: Rashed Ali / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: ইত্তেফাক




মন্তব্য
(০)