২০২৬-২৭ বিপণন বছরে বিশ্বের চাল উৎপাদন ১১ বছরের মধ্যে প্রথমবার কমবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক শস্য পরিষদ (আইজিসি, International Grains Council)। ভারতের রুরাল ভয়েস জানিয়েছে, পরিষদের সর্বশেষ শস্য বাজার প্রতিবেদন বলছে, উৎপাদন কমলেও চালের ব্যবহার বাড়তে থাকবে। ফলে বৈশ্বিক মজুত কমতে পারে, যদিও তা সাম্প্রতিক গড়ের ওপরে থাকবে বলে ধারণা।
প্রধান রপ্তানিকারক দেশগুলোর সম্মিলিত উৎপাদন কমাকেই এর মূল কারণ বলছে আইজিসি। অক্টোবরের প্রতিবেদনের তুলনায় ২০২৬-২৭ মৌসুমের চাল উৎপাদনের হিসাব ১০ লাখ টন কমানো হয়েছে, মূলত ভারতের উৎপাদন অনুমান কমায়। আফ্রিকার সাব-সাহারা অঞ্চল ও এশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি চালের চাহিদা আরও বাড়াবে।
২০২৭ সালে চালের আন্তর্জাতিক বাণিজ্য বছরে ৪ শতাংশ বেড়ে রেকর্ড ৬ কোটি ১০ লাখ টনে পৌঁছাবে বলে আশা করছে পরিষদ, যার পেছনে মূলত আফ্রিকার দেশগুলোর আমদানি চাহিদা। সরবরাহ টানটান থাকায় এবং আন্তর্জাতিক চাহিদা বাড়ার লক্ষণে আইজিসির চালের মূল্যসূচক এ সময়ে ৮ শতাংশ বেড়ে প্রায় দুই বছরের সর্বোচ্চে উঠেছে।
অন্য শস্যের ছবি উল্টো। গম ও মোটা দানার শস্য মিলিয়ে মোট উৎপাদনের পূর্বাভাস ১০ লাখ টন বাড়িয়ে ২৪২ কোটি ৮০ লাখ টন করা হয়েছে; গম ও বার্লির বাড়তি অনুমান ভুট্টার ঘাটতি পুষিয়ে দিয়েছে। তুরস্ক, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনার অনুমান বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্রের। তবু উৎপাদন গত মৌসুমের রেকর্ডের চেয়ে ৩ শতাংশ কম থাকবে। পশুখাদ্যে ভুট্টার ব্যবহার কমায় শস্যের ব্যবহার ২০ লাখ টন কমিয়ে ২৪৪ কোটি ৪০ লাখ টন ধরা হয়েছে, মৌসুম শেষের মজুত টানা তৃতীয় মাসে বাড়িয়ে ৬২ কোটি ৬০ লাখ টন, আর শস্য বাণিজ্য ৪ শতাংশ কমে ৪৪ কোটি ৯০ লাখ টন হবে বলে পূর্বাভাস।
সয়াবিনে রেকর্ডের আভাস: যুক্তরাষ্ট্রের অনেক বড় ফলনে উৎপাদন ২ শতাংশ বেড়ে ৪৩ কোটি ৯০ লাখ টন, ব্যবহার ৪৪ কোটি ৫০ লাখ টন এবং এশিয়ার চাহিদায় বাণিজ্য ১৯ কোটি ১০ লাখ টন। উৎপাদনের চেয়ে ব্যবহার বেশি হওয়ায় সয়াবিনের মজুত আরও কমবে।
বেশির ভাগ শস্যের দাম কমেছে। আইজিসির শস্য ও তেলবীজ সূচক ৪ শতাংশ কমে তিন মাসের সর্বনিম্নে নেমেছে। গম ও ভুট্টার উপসূচক ৭ শতাংশ করে কমেছে: গম দক্ষিণ গোলার্ধের বড় ফলন, কৃষ্ণসাগর সংঘাত প্রশমনের নতুন কূটনৈতিক চেষ্টা ও মুদ্রার ওঠানামায়, ভুট্টা যুক্তরাষ্ট্রের বাড়তি সরবরাহ, রপ্তানি প্রতিযোগিতা ও দক্ষিণ আমেরিকার ভালো সম্ভাবনায়। সয়াবিনের উপসূচক কমেছে ৪ শতাংশ।
সূত্র: Rural Voice


মন্তব্য
(০)