পশ্চিমবঙ্গের খুচরা বাজারে পেঁয়াজের কেজি এখন ৬০ থেকে ৭০ রুপি। ক্রেতাদের স্বস্তি দিতে রাজ্যের কৃষি বিপণন দপ্তর নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার ৯ জায়গায় ৩৫ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে, জানিয়েছে কলকাতার সংবাদ প্রতিদিন। বিক্রি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
এই পেঁয়াজ মহারাষ্ট্রের নাসিক থেকে কেন্দ্রীয় সংস্থা নাফেডের মাধ্যমে কিনেছে রাজ্যের কৃষি বিপণন দপ্তর, যা রাজ্যের বিভিন্ন শহরে বিক্রি হচ্ছে। পূর্ব বর্ধমানের নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব বিভান পাল জানান, মূলত বর্ধমান, কাটোয়া ও কালনায় শিবির করা হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বর্ধমানের কার্জন গেট চত্বরে ন্যায্যমূল্যের বিক্রয়কেন্দ্র চালু হয়; সেদিন সেখানে মোট ১৫০ কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে। দুই কেজি করে প্যাকেট করে পেঁয়াজ দেওয়া হচ্ছে।
বর্ধমানের ক্রেতা নিখিল দাস বলেন, বাজারে পেঁয়াজের দাম শুনলেই কিনতে ভয় লাগে। রান্নায় পেঁয়াজ অপরিহার্য হওয়ায় চড়া দামে গৃহস্থদের হিমশিম খেতে হচ্ছে।
ছবি: McKay Savage / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: সংবাদ প্রতিদিন





মন্তব্য
(০)