বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের পাশের প্রায় দুই কিলোমিটার লম্বা একটি খাল শুক্রবার পাঁচ ঘণ্টার স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছেন শতাধিক স্বেচ্ছাসেবী। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে নেমেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাও।
খাল থেকে তোলা হয়েছে কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য। উপজেলা প্রশাসনের সঙ্গে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশাল এবং স্থানীয় তরুণ-তরুণীরা।
কাজের একপর্যায়ে ইউএনও কাদায় আটকে যান। পাশে থাকা স্বেচ্ছাসেবীরা তাঁকে টেনে তোলেন, কিছুক্ষণ পর তিনি আবার কাজে যোগ দেন। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইউএনও মো. আলী সুজা বলেন, খালের পাশের বাসিন্দাদের ফেলা প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা বর্জ্যে খালটির পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তাঁর ভাষ্য, সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেরা উদ্যোগী হলে সমাজের অনেক সমস্যার সমাধান সম্ভব।
বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান বলেন, ইউএনওর আহ্বানে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। ইত্তেফাকের প্রতিবেদন বলছে, অভিযানে খালটি ধীরে ধীরে স্বাভাবিক রূপে ফিরতে শুরু করে।
সূত্র: ইত্তেফাক




মন্তব্য
(০)