গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শুকনো মৌসুমে হঠাৎ যমুনার ভাঙন শুরু হয়েছে। উড়িয়া ইউনিয়নের রতনপুর মৌজার শেষ সীমানার বানিয়াপাড়া এবং মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় তীর রক্ষায় ফেলা জিওব্যাগ ধসে পড়ছে নদীতে। নদীতে পানি কম থাকলেও স্রোত বেশ জোরালো। নদীঘেঁষা পরিবারগুলো দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন আগে ভাঙন শুরু হয়। ৭ নভেম্বর ভোরে কাটাদ্বারা খেয়াঘাটে হঠাৎ তীব্রতা বাড়ে, মাত্র এক ঘণ্টায় জিওব্যাগসহ অন্তত ২০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়। কিছুটা দক্ষিণে বানিয়াপাড়ায় এক সপ্তাহ ধরে ভাঙন চলছে। পানি কমার সঙ্গে সঙ্গে হাজিরহাট থেকে কেতকিরহাট পর্যন্ত কয়েকটি পয়েন্টেও ভাঙন দেখা দিয়েছে বলে জানান তারা। শনিবার খেয়াঘাট এলাকায় বালুভর্তি কিছু জিওব্যাগ মজুত রাখা দেখা গেছে।
খেয়াঘাটের দোকানি জাকির হোসেন বলেন, একসময় ঘাটটি নদীর আরও ভেতরে ছিল, দুই বছরে ভাঙতে ভাঙতে বর্তমান জায়গায় এসেছে। ৭ নভেম্বরের মতো ভাঙন চলতে থাকলে সেখানে আর ব্যবসা করা সম্ভব হতো না। রতনপুরের আবুল আজাদ জানান, এক সপ্তাহ ধরে তাঁর বাড়ির পাশেই ভাঙন চলছে; পানি উন্নয়ন বোর্ডের লোকজন দেখে গেলেও কাজ করেননি। নদী থেকে কয়েক ফুট দূরে ঝুপড়িঘরে থাকা ছাইদুর রহমানের আশঙ্কা, জিওব্যাগ ধসে পড়লেই তাঁর ঘরও নদীতে যাবে।
স্থানীয়দের অভিযোগ, ভাঙনের তীব্রতার দিন কিছু জিওব্যাগ ফেলা হলেও এরপর আর কোনো তৎপরতা নেই। তাদের আশঙ্কা, এখনই হয়তো দুই-চারটি পরিবারের বেশি ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু সময়মতো ব্যবস্থা না নিলে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকশ পরিবার আশ্রয়হীন হতে পারে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শাফিউল ইসলাম বলেন, রতনপুরের কাটাদ্বারা ঘাট থেকে ঘুনভরি পর্যন্ত বিশ্বব্যাংকের ২৩৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত রয়েছে, তাই সেখানে নতুন কোনো কাজের সুযোগ নেই। ওই প্রকল্পের কিছু বস্তা দিয়ে যতটা সম্ভব ভাঙন ঠেকানোর চেষ্টা করা হবে। ভাঙন এলাকায় কিছু জিওব্যাগ টাস্কফোর্সের গণনার অপেক্ষায় আছে, গণনা শেষ হলেই সেগুলো ফেলা হবে বলে জানান তিনি।
ছবি: Ibrahim Husain Meraj / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: নিউজবাংলা ২৪





মন্তব্য
(০)