লিখে বা মুখে প্রশ্ন করেই কৃষকেরা যাতে সরকারি কৃষি পরিসংখ্যান পেতে পারেন, সে প্রযুক্তি চালুর কাছাকাছি পৌঁছেছে মার্কিন কৃষি বিভাগের জাতীয় কৃষি পরিসংখ্যান সার্ভিস (এনএএসএস)। প্রতিষ্ঠানটির প্রশাসক জো পারসনস (Joe Parsons) জানান, এটি বৃহত্তর আধুনিকায়ন উদ্যোগের অংশ।
লক্ষ্য হলো মোবাইলে সরকারি পরিসংখ্যান খোঁজা ও ব্যবহার সহজ করা। পারসনসের ভাষায়, ট্রাক্টর, পিকআপ বা কম্বাইন হারভেস্টারে বসে থাকা কৃষকের দীর্ঘ প্রতিবেদন ঘাঁটার সময় থাকে না, তাঁর দরকার দ্রুত নির্দিষ্ট তথ্য।
সংস্থাটি এ কাজ করছে তাদের অ্যাগ ইনসাইটস (Ag Insights) প্ল্যাটফর্মের ওপর, যেখানে অনলাইনে তথ্য ছেঁকে নেওয়া ও চার্ট দেখা যায়। পারসনস বলেন, ভবিষ্যতে এনএএসএসের বেশির ভাগ প্রতিবেদন শুধু স্থির পিডিএফ ফাইলে নয়, এই ফরম্যাটেও পাওয়া যাবে।
কিছু পরিসংখ্যান কৃষিপণ্যের বাজারদরে প্রভাব ফেলে বলে সংস্থাটি সাবধানে এগোচ্ছে; সহজলভ্যতা বাড়ানোর পাশাপাশি সরকারি তথ্যের নির্ভুলতা রক্ষা করতে হবে। সামাজিক মাধ্যমের ভালো ব্যবহার ও অঙ্গরাজ্যের কৃষি বিভাগের সঙ্গে অংশীদারত্বসহ আরও কিছু টুল তৈরি হচ্ছে; উৎপাদক ও কৃষি ব্যবসার মতামতের ভিত্তিতে অ্যাগ ইনসাইটস আরও উন্নত করা হবে।
প্রতিবেদনটি টনি সেন্ট জেমসের।
সূত্র: All Ag News





মন্তব্য
(০)