পশুখাদ্য শিল্পের বাড়তি চাহিদায় বাংলাদেশে ভুট্টা আমদানি বাড়ছে, আর প্রায় আট বছর পর সেই বাজারে আবার ঢুকেছে যুক্তরাষ্ট্র। ২০২৫-২৬ বিপণন বর্ষে দেশে আমদানি হওয়া মোট ভুট্টার প্রায় ৬ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) চলতি মাসের ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিপণন বর্ষে বাংলাদেশ ১৭ লাখ ৪০ হাজার টনের বেশি ভুট্টা আমদানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভুট্টা প্রায় ১ লাখ ১১ হাজার টন। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম দফার মার্কিন ভুট্টা চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
তবে সবচেয়ে বড় সরবরাহকারী এখনো ব্রাজিল, মোট আমদানির প্রায় ৬৮ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ভারত, ২৪ শতাংশ। ইউএসডিএর আগের এক প্রতিবেদনে দেখা যায়, আগের বিপণন বর্ষে মোট আমদানির প্রায় ৯৩ শতাংশই ছিল ব্রাজিলের, আর্জেন্টিনার ৪ ও পাকিস্তানের ২ শতাংশ।
ঐতিহাসিকভাবে কম দাম, সহজ পরিবহন ও দ্রুত সরবরাহের কারণে ভারতীয় ভুট্টার চাহিদা বেশি ছিল। কিন্তু বায়োফুয়েল উৎপাদন বাড়ানোর উদ্যোগের পর ২০২৪ সাল থেকে ভারত ভুট্টা রপ্তানি কমিয়ে দেয়, ফলে ব্রাজিলের ওপর নির্ভরতা বাড়ে।
মার্কিন ভুট্টার ফেরাকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে; বাণিজ্য ভারসাম্য উন্নত করতে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএসডিএর সর্বশেষ হিসাবে চলতি বিপণন বর্ষে দেশের বেসরকারি খাত প্রায় ১৮ লাখ টন ভুট্টা আমদানি করতে পারে, যা আগের বছরের চেয়ে প্রায় ৩.৪ শতাংশ বেশি। ব্রাজিল ও ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে ভুট্টা সংগ্রহে বেসরকারি খাতের সামনে নতুন একটি বাণিজ্যিক পথ খুলছে।
ছবি: Danielgrad / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: প্রতিদিনের সংবাদ





মন্তব্য
(০)