রাশিয়া-ইউক্রেন ও যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এখনই থেমে গেলেও জ্বালানি ও সারের বাজারে দ্রুত স্বস্তি আসবে না বলে মনে করছে নেদারল্যান্ডসের ব্যাংক রাবোব্যাংক (Rabobank)। সরবরাহ ব্যবস্থা, কারখানা ও জরুরি কাঁচামালের জোগান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে; তা মেরামতে কয়েক মাস লাগতে পারে, ফলে ২০২৭ সাল পর্যন্ত দাম চড়া থাকতে পারে। আগামী বসন্তের বোনা মৌসুমের আগে খরচ উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম।
সবচেয়ে ঝুঁকিতে নাইট্রোজেন ও ফসফেট সার, বিশেষ করে ইউরিয়ার দাম আরও উত্তেজনায় দ্রুত বাড়তে পারে। বিশ্বের ইউরিয়া চালানের প্রায় ৩০ শতাংশ, অ্যামোনিয়া বাণিজ্যের ২৫ শতাংশ এবং সালফার রপ্তানির ৪৭ থেকে ৪৯ শতাংশ যায় হরমুজ প্রণালি দিয়ে; ফসফেট সার তৈরিতে এই সালফার লাগে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান ইফপ্রির (IFPRI) এক গবেষণাপত্রের হিসাবে, উপসাগর থেকে এসব পণ্যের চালান প্রায় শূন্যে নেমেছে অথবা সংকটের আগের তুলনায় ৮০ থেকে ৮৩ শতাংশ কম।
যুক্তরাষ্ট্রের কৃষিঋণদাতা কোব্যাংকের (CoBank) আগস্টের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ৩১টি অ্যামোনিয়া কারখানা সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বা উৎপাদন বন্ধ করেছে, আর ভারত, পাকিস্তান ও বাংলাদেশে ৪৯টি কারখানা কাঁচামালের অভাবে কম সক্ষমতায় চলছে বা বন্ধ আছে। বিশ্বের সবচেয়ে বড় সার রপ্তানিকারক রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ২০টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসফেটের দাম ২০২৮ সাল পর্যন্ত যুদ্ধের আগের স্তরের ওপরে থাকতে পারে।
কৃষকেরা এরই মধ্যে সার কম দিচ্ছেন। আমেরিকান ফার্ম ব্যুরোর এ বছরের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ শতাংশ কৃষক ২০২৬ সালের ফসলের জন্য প্রয়োজনীয় পুরো সার কিনতে পারেননি। রাবোব্যাংক বলছে, গত বছরের শেষ প্রান্তিকে ফসফেটের চাহিদা আগের বছরের তুলনায় ২০ শতাংশ কমেছে, আর ব্রাজিলে সারের ব্যবহার ২০২৫ সালের ৫ কোটি ৯০ লাখ টন থেকে ২০২৬ সালে ৪ কোটি ১০ লাখ টনে নামতে পারে। অস্ট্রেলিয়ার কৃষকেরা কম নাইট্রোজেন লাগে এমন ডালজাতীয় ফসলের দিকে ঝুঁকছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা ও ইউক্রেনের উর্বর মাটির অঞ্চলগুলো অল্প সময়ের জন্য কম সার সামলে নিতে পারে। কিন্তু টানা দ্বিতীয় মৌসুম কম সার দিলে ফলন কমতে পারে, বিশেষ করে জাহাজ চলাচলের বিধিনিষেধ ২০২৭ সাল জুড়ে চললে।
রাবোব্যাংকের মতে, এই সংকট ২০২২ সালের দামের ধাক্কা থেকে আলাদা; তখন সমস্যা ছিল বাণিজ্যপথ বদলে যাওয়া। এবার উৎপাদন সক্ষমতাই ক্ষতিগ্রস্ত, যুদ্ধ থামার পরও তা পুনর্গঠনে বড় বিনিয়োগ ও সময় লাগবে। সংঘাত চলতে থাকলে বা মধ্যপ্রাচ্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থাপনা ও শোধনাগারের ক্ষতি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে ব্যাংকটি।
প্রতিবেদনটি লিখেছেন রাজশ্রী সিং।
সূত্র: Rural Voice




মন্তব্য
(০)