সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারের রোপা আমন মৌসুমে সুগন্ধি জাতের ব্রি ধান৯০ আর ঐতিহ্যবাহী কাটারীভোগ ধানের ভালো ফলন হয়েছে। পোলাও চালের এই চিকন ধানের দাম ও চাহিদা বেশি থাকায় কৃষকেরা পরিকল্পনা করে আবাদ করেছিলেন। আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে, আবহাওয়া অনুকূল থাকায় ফলনও মিলছে ভালো।
সলঙ্গা ইউনিয়নের গোজা, সাতটিকড়ী, নাইমুড়ী ও রুয়াপাড়া মাঠসহ বিভিন্ন এলাকায় কাটারীভোগের ভালো ফলন হয়েছে। রুয়াপাড়া গ্রামের কৃষক মজনু বেগ প্রায় চার বিঘায় কাটারীভোগ করেছিলেন। ৫০ শতকের ধান কেটে মাড়াই করে বিঘাপ্রতি ১৬ মণ পেয়েছেন, কয়েক দিন আগে মণপ্রতি ১,৭০০ টাকায় বিক্রি করেছেন।
রুয়াপাড়া মাঠে এ মৌসুমে প্রায় ২৪ বিঘায় ব্রি ধান৯০ চাষ হয়েছে। নাইমুড়ী গ্রামের কৃষক স ম ইকবাল বাহার জালাল এবারই প্রথম পরীক্ষামূলকভাবে এ জাত আবাদ করেছেন; তিনি বিঘায় সাড়ে ১৯ থেকে ২০ মণ ফলনের আশা করছেন।
চাষিদের কথায়, অন্য ধানের দাম কম থাকলেও চিকন ধানের দাম সব সময় বেশি থাকে, কারণ এর চালের চাহিদা বেশি। ফলনও ভালো মিলছে বলে উল্লাপাড়ার নানা এলাকায় দ্রুত বাড়ছে চিকন জাতের ধানের আবাদ।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, বিভিন্ন মাঠে বিক্ষিপ্তভাবে কিছু কৃষক পোলাও চালের ধান করছেন, অনেকে নিজেদের সংরক্ষিত বীজে কাটারীভোগ চাষ করেছেন। কৃষি বিভাগ কৃষকদের বেশি ফলনশীল আধুনিক জাত, বিশেষ করে ব্রি ধান১০০-এর পরের জাতগুলো আবাদের পরামর্শ দিচ্ছে।
প্রতিবেদনটি কৃষি সময়ের উল্লাপাড়া প্রতিনিধির।
ছবি: ROCKY / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)