পদ্মার আরিচা ঘাটের একটি মাছের আড়তে গত ১৭ অক্টোবর নানা মাছের ভিড়ে একটি সাকার মাছ দেখে থমকে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ। এত দিন তিনি জানতেন, এ মাছ মূলত ঢাকার চারপাশের নদীতে মেলে। জেলেরা তাঁকে জানান, পদ্মায় জাল ফেললে এখন সাকার মাছও উঠে আসে। পরে নদীতে ডলফিনের খোঁজে গিয়ে মেঘনার মোহনায়ও তিনি মাছটি দেখেছেন।
অ্যাকুয়ারিয়ামের শৈবাল পরিষ্কার আর সৌন্দর্যের জন্য আনা এ মাছ এখন দেশের নদ-নদীতে ছড়িয়ে পড়ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে সরকার সাকার মাছের চাষ, বিক্রি ও আমদানি নিষিদ্ধ করে, কিন্তু বিস্তার থামেনি। ২০২৩ সালে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জার্মানির ইউনিভার্সিটি অব ফ্রেইবার্গ, তুরস্কের আতাতুর্ক ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটির গবেষকদের সঙ্গে মিলে দেশের আটটি বিভাগের ২৪টি নদী, একটি হ্রদ ও একটি হাওরে মাছটির উপস্থিতির প্রমাণ পান। গবেষণাটি প্রকাশিত হয় বাংলাদেশ জার্নাল অব জুলজিতে।
গবেষকেরা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, পদ্মা ও মেঘনায় মাছটি পেয়েছেন। চট্টগ্রাম অঞ্চলের সাঙ্গু, হালদা, কর্ণফুলী ও কাপ্তাই হ্রদে, সিলেটের বিলাস ও সুরমা নদী এবং হাকালুকি হাওরে, আর যমুনা, ধরলা, তিস্তা, চিত্রা, বলেশ্বর, ভৈরব ও বিষখালীতেও এর বিস্তার মিলেছে। ইলিশের অভয়াশ্রমগুলোতেও মাছটির উপস্থিতি পাওয়া গেছে; দেশে ইলিশের অভয়াশ্রম ছয়টি।
গবেষণায় যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিয়ামুল নাসের প্রথম আলোকে বলেছেন, হাওরসহ দেশের নদ-নদীতে সাকার মাছের বিচরণ বাড়ছে। তবে ইলিশের ঝুঁকি তুলনামূলক কম বলে তাঁর মত, কারণ ইলিশ সাধারণত নদীর গভীর অংশে থাকে। অনেক দেশি মাছ আর সাকার মাছ দুটিই বেশি সক্রিয় নদীর অগভীর অংশে, তাই বড় ঝুঁকি দেশি মাছের। দেশি মাছের ওপর প্রভাব নিরূপণে সরকারকে উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি।
২০২৩ সালের গবেষণায় বলা হয়েছে, অন্য মাছ যেসব জলজ উদ্ভিদ খায়, সাকার মাছ সেগুলো উপড়ে ফেলে খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটায় এবং দেশি মাছের আবাসের পরিবেশও বদলে দিতে পারে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, আগ্রাসী এই বিদেশি প্রজাতি নদীর তলদেশের শৈবাল, জৈব পদার্থ ও ক্ষুদ্র জলজ প্রাণী খেয়ে বাঁচে, ফলে তলদেশের উদ্ভিদ ও ক্ষুদ্র প্রাণীর আবাস ক্ষতিগ্রস্ত হয়। তাঁর মতে, বড় হয়ে গেলে অনেকে অ্যাকুয়ারিয়ামের মাছটি নদী, লেক বা পুকুরে ছেড়ে দেন, এভাবেই এর বিস্তার। নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক ও সমন্বিত উদ্যোগ দরকার বলে জানান তিনি।
সাকার মাছ মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার, বিশেষ করে ব্রাজিলের আমাজন অঞ্চলের প্রজাতি। বাংলাদেশে ১৯৮০-এর দশকে বগুড়ার কাহালু উপজেলায় প্রথম শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়, আর ২০০৮ সালে গুলশান লেকে ধরা পড়ার পর প্রথম নথিভুক্ত হয় বলে ২০২৩ সালের গবেষণায় উল্লেখ আছে।
বিস্তার ঠেকাতে এখনো কোনো সমন্বিত কর্মসূচি দেখা যায়নি। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক জানান, ঢাকা জেলা মৎস্য কার্যালয় সাকার মাছ ধরে মাটিতে পুঁতে ফেলতে মাইকিং ও লিফলেট বিতরণ করেছিল। মাছটির বিস্তার নিয়ন্ত্রণে একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি।
প্রথম আলোতে প্রকাশিত মোস্তফা ইউসুফের প্রতিবেদনের তথ্য থেকে লেখা।
সূত্র: প্রথম আলো




মন্তব্য
(০)