গাজীপুরের শ্রীপুর উপজেলায় বন অফিসের অদূরে সংরক্ষিত বনের জমি থেকে রাতের আঁধারে তাল, গজারি ও নিমসহ অর্ধশতাধিক গাছ কেটে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। বরমী ইউনিয়নের সাতখামাইর বিটের চরবহর গ্রামে প্রায় সপ্তাহখানেক আগে এ ঘটনা ঘটলেও বন বিভাগ তা জেনেছে পরে, অভিযোগ স্থানীয়দের। শনিবার বন বিভাগের লোকজন গিয়ে পড়ে থাকা বেশ কিছু কাটা গাছ জব্দ করেন, তবে দামি অংশগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বনের জমিতে লাগানো গজারি, নিম ও তালগাছ কেটে নেওয়া হয়েছে। তালগাছের দামি গোড়ার অংশ নিয়ে গেছে চক্রটি, অকেজো আগা আর অর্ধশতাধিক গাছের ডালপালা জমিজুড়ে ছড়িয়ে আছে। বাসিন্দারা জানান, গভীর রাতে বনের ভেতর গাছ কাটার শব্দ পান তাঁরা; সকালে গরু চরাতে গিয়ে সারি সারি কাটা তালগাছ দেখতে পান।
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগকে জানানোর পরও তারা ব্যবস্থা নেয়নি; বন বিভাগের লোকজনের যোগসাজশেই বন উজাড় হচ্ছে বলে তাঁদের দাবি। বাসিন্দা আনসার আলী বলেন, দামি সব কাঠ নিয়ে গেছে চোরের দল, বন বিভাগের উদাসীনতায় এত বড় ক্ষতি হলো।
স্থানীয় পরিবেশকর্মী সাঈদ চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে, বিশেষ করে বজ্রপাত ঠেকাতে তালগাছ খুব গুরুত্বপূর্ণ। বনের জমি থেকে এতগুলো তালগাছ কেটে নেওয়া উদ্বেগের, আর তা ঠেকাতে না পারা বন বিভাগের স্পষ্ট দায়িত্বহীনতা।
সাতখামাইর বিটের ফরেস্টার আবদুর রহিম জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পড়ে থাকা গাছ জব্দ করা হয়েছে। বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, ১৬৩ ও ৮৯০ দাগে ১৫টি তালগাছ ও বেশ কিছু নিম, গজারি ও বাজনা গাছ কাটা হয়েছে। জমিটি নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে মামলা চলছে, তবে জমির মালিক গাছ কাটেননি; কারা কেটেছে তা এখনো জানা যায়নি, তদন্ত চলছে। শ্রীপুর উপজেলা রেঞ্জার হাবিবুল হক বলেন, নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: Smahmood / উইকিমিডিয়া কমন্স (public domain)
সূত্র: দেশ রূপান্তর




মন্তব্য
(০)