বিদেশে কাজে যাওয়ার আগে কর্মীদের স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে সচেতন করতে সিরাজগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), সিরাজগঞ্জ। ২৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ হলে এ কর্মসূচি হয়।
আয়োজকেরা জানান, চলতি অর্থবছরে সিরাজগঞ্জে সাতটি ব্যাচে ২১০ জন বিদেশগামী কর্মীর প্রশিক্ষণ শেষ হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণে বিদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, সুষম ও নিরাপদ খাদ্য বেছে নেওয়ার পদ্ধতি, পর্যাপ্ত পানি পান, অতিরিক্ত লবণ-চিনি ও চর্বি এড়ানো, সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ এবং কর্মক্ষেত্রে সুস্থ থাকার কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়।
সেশন পরিচালনা করেন বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. আ. মজিদ, ঊর্ধ্বতন প্রশিক্ষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোরসালীন জেবীন তুরিন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম নবীসহ প্রশিক্ষকেরা।
বক্তারা বলেন, প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির বড় ভরসা। বিদেশে যাওয়ার আগে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি; সঠিক পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে সাহায্য করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতামূলক উপকরণ দেওয়া হয়।
প্রতিবেদনটি এগ্রিনিউজবিডির।
ছবি: এগ্রিনিউজবিডি
সূত্র: এগ্রিনিউজবিডি




মন্তব্য
(০)