পাট, ধান, পান ও সরিষার জন্য একসময় দেশজুড়ে পরিচিত মাদারীপুরের শিবচরে দ্রুত কমছে কৃষিজমি। পদ্মা সেতু চালুর পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, রেললাইন, আবাসন প্রকল্পসহ সরকারি-বেসরকারি অনেক স্থাপনা গড়ে উঠেছে কৃষিজমিতে, সঙ্গে যোগ হয়েছে নদীভাঙন, জমি বিক্রি ও বসতবাড়ি নির্মাণ, জানিয়েছে কৃষি সময়।
উপজেলা কৃষি অফিসের তথ্যে ২০২০ সালের কৃষিশুমারিতে শিবচরে আবাদযোগ্য জমি ছিল ২২ হাজার ৭৪০ হেক্টর: এক ফসলি ১ হাজার ৩১০, দুই ফসলি ১৪ হাজার ৭৮০ এবং তিন ফসলি ৬ হাজার ৬৫০ হেক্টর। ২০২৬ সালের হিসাবে মোট আবাদযোগ্য জমি ২১ হাজার ৬৫৫ হেক্টর, যার মধ্যে এক ফসলি ২ হাজার ১৫, দুই ফসলি ১২ হাজার ৩৩৪, তিন ফসলি ৫ হাজার ৭৪৬ এবং চার ফসলি ১০০ হেক্টর। ছয় বছরে কমেছে ১ হাজার ৮৫ হেক্টর, প্রায় ৪ দশমিক ৮ শতাংশ।
চরজানাজাত ইউনিয়নের বেপারীকান্দি গ্রামের কৃষক সামাদ মোল্লার আট বিঘা জমির সবটুকুই পদ্মার ভাঙনে গেছে; এখন তিন বিঘায় কালোজিরা ও বাদাম চাষ করছেন, ভাঙন চললে সেটুকুও থাকবে কি না সেই শঙ্কায়। পাচ্চর ইউনিয়নের মাসুদ মিয়ার জমির বেশির ভাগ অধিগ্রহণ হয়েছে পদ্মা সেতুর সংযোগ সড়কে; ক্ষতিপূরণের টাকায় ছেলেকে ইতালি পাঠিয়েছেন, রাস্তার পাশের বাকি জমিতে আর চাষ করেন না।
স্থানীয় কৃষিবিদ ও শিক্ষক আনন্দ সাহা বলেন, প্রকৃত কৃষকেরা হারিয়ে যাচ্ছেন; বিদেশফেরত অনেক তরুণ আধুনিক কৃষিতে আসছেন, কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে সফল হতে পারছেন না।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান বলেন, আবাদযোগ্য জমি কমছে, তা সত্য, আর এটি সারা দেশেরই চিত্র। কম জমিতে বেশি ফলনের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়ে এখনো কৃষিতে থাকা কৃষকদের পাশে থাকছে উপজেলা কৃষি অফিস।
ছবি: মোঃ সাকিবুল হাসান / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)
সূত্র: কৃষি সময়


মন্তব্য
(০)