শেরপুর শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় প্রায় ১১ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানা উদ্বোধনের পাঁচ মাস পরও ব্যবহার হচ্ছে না। জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও গোসলের ব্যবস্থা, মাংস প্রক্রিয়াজাতের যন্ত্র, বর্জ্য ব্যবস্থাপনা, সবই আছে; নেই শুধু কসাইরা। শহরের বাজারগুলোতে আগের মতোই যত্রতত্র পশু জবাই ও মাংস বিক্রি চলছে।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১০ কোটি ৮২ লাখ টাকায় প্রায় ৫০ শতক জমিতে কসাইখানাটি নির্মিত হয়। কাজ শুরু হয় ২০২৩ সালের শেষ দিকে, চলতি বছরের জুনে পৌরসভাকে হস্তান্তর করা হয়। গত ২ জুন একটি গরু জবাই করে উদ্বোধনের পর সেখানে আর কোনো পশু জবাইয়ের খবর পাওয়া যায়নি। অন্তত ২০টি গোসলের জায়গাসহ স্থাপনাটি পড়ে আছে; পশুর স্বাস্থ্য পরীক্ষায় একজন ভেটেরিনারি সার্জন এবং ধর্মীয় রীতিতে জবাইয়ের জন্য একজন আলেম নির্ধারিত আছেন।
কসাইদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনা না করেই কসাইখানা বানানো হয়েছে। শহরের বাজারগুলো থেকে এর দূরত্ব এক থেকে পাঁচ কিলোমিটার। চাপাতলীর মাংস ব্যবসায়ী সুরুজ আলী বলেন, পশু নিয়ে যেতে আর মাংস ফেরত আনতে দুবার গাড়িভাড়া দিলে ব্যবসা চালানো কঠিন হবে। নয়ানী বাজারের তাজুল ইসলামের প্রশ্ন, এত টাকা খরচ করে বানানো স্থাপনা কেউ ব্যবহারই না করলে লাভ কী।
তবে এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে চিকিৎসক আগে পশু পরীক্ষা করবেন, অসুস্থ বা খোঁড়া পশু জবাই করা যাবে না; এই ভয়েই কেউ আসছেন না। স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহীমের আশঙ্কা, এভাবে পড়ে থাকলে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ভূঁইয়া বলেন, এই কসাইখানা চালু হলে নিরাপদ মাংস সরবরাহের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখবে; ব্যবসায়ীদের বোঝানো হচ্ছে, কাজ না হলে আইনগত ব্যবস্থার কথা ভাবা হবে। পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা জানান, কসাইদের জন্য পরিবহনসুবিধা ও প্রণোদনার বিষয় বিবেচনা করা হচ্ছে; এরপরও রাজি না হলে খোলা জায়গায় পশু জবাইয়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিবেদনটি প্রথম আলোর শেরপুর প্রতিনিধি আবদুল মান্নানের প্রতিবেদনের তথ্য নিয়ে লেখা।
সূত্র: প্রথম আলো




মন্তব্য
(০)