কয়েক দিনের বৃষ্টিতে শরীয়তপুরে রসুন ও পেঁয়াজ চাষিরা বিপাকে পড়েছেন। জমিতে পানি জমে সদ্য রোপণ করা বীজ ও চারা পচে যাচ্ছে। কোথাও সেচপাম্প বসিয়ে পানি সরানোর চেষ্টা চলছে, কোথাও নষ্ট ফসলের দিকে তাকিয়ে আছেন কৃষকেরা। গত মৌসুমের লোকসান কাটিয়ে উঠতে অনেকে এবার আগাম আবাদ করেছিলেন।
চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ৭০৬ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে: মুড়িকাটা পেঁয়াজ ৪ হাজার ৩৫০ হেক্টর, হালি পেঁয়াজ ৩৫০ হেক্টর এবং বীজ উৎপাদনের জন্য ৬ হেক্টর। রসুনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ২৫০ হেক্টর। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে টানা বৃষ্টিতে জেলার ১৪২ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে; ক্ষতিগ্রস্ত জমি ও কৃষকের তালিকা তৈরির কাজ চলছে।
নড়িয়া ও জাজিরা উপজেলার মাঠে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমি জলমগ্ন। রসুন ও পেঁয়াজের খেত পানির নিচে; কোথাও গাছের গোড়া পচে হলুদ হয়ে যাচ্ছে, কোথাও সদ্য গজানো চারা মাটিতে লুটিয়ে পড়েছে। পাম্প দিয়ে পানি সরানোর চেষ্টা করেও অনেক জমির ফসল রক্ষা করা যাচ্ছে না। নতুন করে আবাদ করতে হলে বীজ, সার ও জমি তৈরির বাড়তি খরচ লাগবে।
নড়িয়ার ডগ্রি এলাকার কৃষক আহম্মদ খাঁ এক সপ্তাহ আগে দুই বিঘা জমিতে রসুন লাগিয়েছিলেন, এখন পুরো খেত পানির নিচে। পাম্প বসিয়ে পানি সরাচ্ছেন, পানি নামলে কিছু রসুন টিকে যাবে বলে আশা তাঁর। তিনি বলেন, গতবার রসুন করে খরচও ওঠেনি, এবার এমন ক্ষতি হবে ভাবতে পারেননি। কৃষি বিভাগ যেন বিনামূল্যে নতুন করে বীজ ও সার দেয়, সেই আশা করছেন তিনি।
মীরবহর কান্দি এলাকার কৃষক সমেদ মিয়া এ বছর ১৬০ শতাংশ জমিতে রসুন করেছেন, খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা, পুরোটাই ধার করে। টানা বৃষ্টিতে ৪০ শতাংশ জমি টিকে থাকলেও বাকি ১২০ শতাংশ পানিতে তলিয়ে গেছে। সরকার সহযোগিতা করলে উপকার হবে বলে জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহীদুল আলম বলেন, টানা বৃষ্টিতে জেলার বেশ কিছু জমির রসুন, পেঁয়াজ, সরিষা ও সবজি আক্রান্ত হয়েছে। আবহাওয়া ভালো হলে কিছু জমির ফসল টিকে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যোগাযোগ করলে অধিদপ্তরের সঙ্গে কথা বলে তাঁদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।
ছবি: Matt Frederick / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)