চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এবার ফুলকপির ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না কৃষক। মাঠে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকায়, অথচ খুচরা বাজারে এক কেজি চালের দাম ৫০ থেকে ৫৫ টাকা। শহরের বাজারে সেই ফুলকপিই বিক্রি হচ্ছে কেজি ১৫ থেকে ২০ টাকায়।
কৃষি বিভাগের মতে, অনুকূল আবহাওয়ায় একসঙ্গে প্রচুর সবজি বাজারে ওঠা এবং সংরক্ষণব্যবস্থার অভাবে এ অবস্থা। ব্যবসায়ীরা মাঠ থেকে কম দামে কপি কিনে নিচ্ছেন; খরচ না ওঠায় অনেক কৃষক খেতেই কপি নষ্ট করছেন বা গবাদিপশুকে খাওয়াচ্ছেন।
উথলী গ্রামের শামিম হোসাইন দেড় বিঘায় নিনজা জাতের ফুলকপি করেছেন। চারা, সেচ, সার-কীটনাশক ও মজুরিতে খরচ হয়েছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা, অথচ এখন পর্যন্ত বিক্রি করেছেন ৮ থেকে ১০ হাজার টাকার কপি। পাঁচ টাকা কেজিতে বেচে শ্রমিক ও পরিবহন খরচও উঠছে না বলে জমিতে অন্য ফসল দিতে কপি কেটে গরু-ছাগলকে খাওয়াচ্ছেন তিনি।
আরেক চাষি মাহাবুল ইসলাম বলেন, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ বাড়লেও সে অনুযায়ী দাম মিলছে না; মাঠে কম দামে বেচতে হচ্ছে, অথচ বাজারে একই সবজি বেশি দামে বিক্রি হচ্ছে। কৃষকেরা ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার ও বিপণনব্যবস্থার উন্নয়ন চেয়েছেন।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এবার উপজেলায় ৮৯ হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়েছে। একসঙ্গে বেশি কপি বাজারে আসায় চাহিদা কমে দাম কিছুটা পড়েছে; ধীরে ধীরে বাজার ভালো হবে বলে আশা করেন তিনি।
ছবি: Peter Forster / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: প্রতিদিনের বাংলাদেশ





মন্তব্য
(০)