বাগেরহাটের শরণখোলায় এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের ভোলা নদীতে মাছ ধরার সময় মাছটি জালে ওঠে। পরে শরণখোলা বাজারে সেটি বিক্রি হয় ৩৬ হাজার টাকায়।
শরণখোলা গ্রামের জেলে জহুরুল পহলান বন বিভাগের অনুমতি নিয়ে ভোলা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। জাল ফেলার কিছুক্ষণ পর অস্বাভাবিক টান টের পান; জাল তুলতেই দেখা যায় বড় আকারের কোরাল। সকাল ১০টার দিকে স্থানীয় আড়তদার শাহাদাত মুন্সী মাছটি কিনে নেন; কেজিপ্রতি দাম পড়ে ১ হাজার ৮০০ টাকা।
মৎস্য ব্যবসায়ীরা জানান, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে সুন্দরবনের জেলেদের জালে ধরা পড়া মাছের মধ্যে এটিই সবচেয়ে বড় কোরাল। শাহাদাত মুন্সী বলেন, বড় কোরালের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া গেছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার কারণে মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে, তাই এখন জেলেদের জাল ও বড়শিতে বড় আকারের মাছ ধরা পড়ছে এবং জেলে ও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।
সূত্র: ডেইলি অবজারভার





মন্তব্য
(০)