সাভারে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কারকাজ শেষ করে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানটির অবকাঠামো পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার জাতীয় প্রশিক্ষণকেন্দ্রে রূপ দেওয়া হবে।
পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যসচিব ও গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীসহ কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। সিদ্ধান্ত হয়, দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্তের যৌথ দল সরেজমিনে গিয়ে ভবনের নষ্ট বা চুরি যাওয়া সরঞ্জামের তালিকা তৈরি করবে।
গণপূর্ত বিভাগ এক-দুই দিনের মধ্যে কর্মকর্তাদের বসার জায়গা ও বিদ্যুৎ সাব-স্টেশন চালুর ব্যবস্থা নেবে বলেও বৈঠকে জানানো হয়।
পরিদর্শনে ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম উপস্থিত ছিলেন।
প্রতিবেদন: সমকাল।
সূত্র: সমকাল



মন্তব্য
(০)