আজ যেখানে সৌদি আরবের দক্ষিণের ধু ধু বালুর মরুভূমি, প্রায় ১ লাখ ২৫ হাজার বছর আগে সেখানে ছিল মিঠাপানির হ্রদ, ঘাসে ঢাকা জমি আর সবুজ গাছপালা। দেশটির দক্ষিণের মুন্দাফান অঞ্চলের উরুক আল-জুলাইবাহ এলাকায় সেই প্রাচীন হ্রদের অস্তিত্ব খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয়েছে।
কাজটি যৌথভাবে করেছেন সৌদি হেরিটেজ কমিশন, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং গ্রিফিথ ইউনিভার্সিটির গবেষকেরা। তাঁদের মতে, সে সময় পৃথিবীর জলবায়ুতে বিশেষ পরিবর্তন ঘটেছিল, যাকে বলা হয় লাস্ট ইন্টারগ্লেসিয়াল। এই পর্যায়ে আরব উপদ্বীপে বৃষ্টি অনেক বেশি হতো, ফলে আজকের শুষ্ক মরুভূমির জায়গায় জলাশয়, তৃণভূমি ও সবুজ উদ্ভিদের পরিবেশ গড়ে উঠেছিল। বিজ্ঞানীরা এই সময়কে গ্রিন অ্যারাবিয়া বলেও উল্লেখ করেন।
স্যাটেলাইটের তথ্য আর প্রাচীন ভূপ্রকৃতি বিশ্লেষণ করে গবেষকেরা হ্রদটির একটি ছবি তৈরি করেছেন। তাঁদের হিসাবে হ্রদটি প্রায় ৩৪০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল এবং কোথাও কোথাও এর গভীরতা ছিল প্রায় ২৯ মিটার।
হ্রদের আশপাশের ১৩০টিরও বেশি জায়গা থেকে ৫০০-র বেশি উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্মের নমুনা মিলেছে। তার মধ্যে আছে জলহস্তী, বিলুপ্ত লম্বা শিংওয়ালা মহিষ, উট, আরবীয় অরিক্স, গেজেল ও উটপাখি।
গবেষকেরা পেয়েছেন ৫,৫১১টি পাথরের হাতিয়ারও, যার বেশির ভাগ ফ্লিন্ট নামের শক্ত পাথরে লেভালোয়া পদ্ধতিতে তৈরি। অণুবীক্ষণ যন্ত্র ও রাসায়নিক পরীক্ষায় হাতিয়ারের গায়ে উদ্ভিদের অবশিষ্টাংশ শনাক্ত হয়েছে, যার কিছু সম্ভাব্য বিষাক্ত উদ্ভিদের; গবেষকদের ধারণা, সেই বিষ শিকারে ব্যবহার হয়ে থাকতে পারে। কাঠ ও রজনের চিহ্ন থেকে অনুমান, কিছু হাতিয়ার কাঠের দণ্ডে জুড়ে ব্যবহার করা হতো।
গবেষণায় কন্দ, ঝোপজাতীয় উদ্ভিদ ও পামপাতার ব্যবহারের প্রমাণও মিলেছে। এই অঞ্চলে পামজাতীয় উদ্ভিদের উপস্থিতির প্রাচীনতম প্রমাণগুলোর একটি এটি। আরব উপদ্বীপকে এত দিন আফ্রিকা ও ইউরেশিয়ার মাঝখানের এক প্রতিকূল মরুভূমি হিসেবে দেখা হতো; এই আবিষ্কার দেখাচ্ছে, জলবায়ু বদলালে একই ভূখণ্ড কতটা বদলে যেতে পারে।
প্রতিবেদনটি এই সময়ের রহিত পরামানিকের লেখা ছবি-প্রতিবেদন থেকে।
ছবি: Nepenthes / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: এই সময়




মন্তব্য
(০)