নাজমুল হুসাইন
বৃষ্টিতে কাদায় একাকার হয়ে যায় বাড়ির সামনের সিঁড়ি বা উঠান। পাকা করার আর্থিক সামর্থ না থাকায় কাদা মাড়িয়ে ঘরে প্রবেশ করা এখানকার মানুষের নিত্যদিনের দুর্ভোগ। এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মুন্ডাপাড়া গ্রামের বাসিন্দারা বেছে নিয়েছেন ব্যতিক্রমী ও টেকসই উপায়—মাটির সিঁড়িতে ঝিনুকের খোলস বিছিয়ে দেওয়া। দেখতে অনেকটা সিরামিক টাইলসের মতো মনে হলেও এর খরচ প্রায় নেই বললেই চলে। স্থানীয় মানুষের কাছে এটি তাই পরিচিত 'গরিবের টাইলস' নামে।
ঝিনুকের নিখুঁত বুনন ও নান্দনিক কৌশল
গ্রামের কয়েকটি বাড়ির সামনে গেলে চোখে পড়ে কাদামাটির ওপর নিপুণভাবে বসানো অসংখ্য ঝিনুকের খোলস। কোথাও পাশাপাশি আবার কোথাও মাটির সঙ্গে মিশে তৈরি হয়েছে চমৎকার নান্দনিক নকশা। সাদা-ধূসর রঙের এই খোলসগুলো দূর থেকে দেখলে পাথর বা আধুনিক টাইলস বলে মনে হয়।
স্থানীয় মুন্ডা সম্প্রদায়ের নারী বনদেবী জানান, কাদার দুর্ভোগ থেকে বাঁচতেই মূলত তারা সিঁড়িতে এই ঝিনুক বিছিয়ে দেন। স্থানীয়দের ব্যবহারিক অভিজ্ঞতা থেকে জানা যায়, কাদা নরম থাকা অবস্থায় সিঁড়িতে বা উঠানে এগুলো সুবিন্যস্তভাবে গেঁথে দিতে হয়। পরে মাটি শুকিয়ে গেলে খোলসগুলো শক্তভাবে বসে যায়, যা সিঁড়িকে মজবুত করে এবং বর্ষার দিনেও কাদার হাত থেকে রক্ষা করে।
স্থানীয় দোকানি মুসলিমার তথ্য অনুযায়ী, ঝিনুক প্রধানত চুন তৈরির কাজে ব্যবহৃত হয়। ছোট প্যাকেটে সেই চুন যেমন বিক্রি হয়; তেমনই মানুষ নিজেদের প্রয়োজনের তাগিদে বাড়ির সিঁড়ির মেঝে তৈরিতেও এটি ব্যবহার করেন। প্রকৃতির উপাদান কীভাবে বহুমুখী উপায়ে মানুষের জীবনকে সহজ করে তুলতে পারে, এটি তারই অনন্য উদাহরণ।
সুন্দরবন-সংলগ্ন জনপদের জীবনসংগ্রাম
মুন্ডাপাড়ার এই সিঁড়িগুলোর পেছনের গল্পটি কেবল একটি প্রকৌশলগত কৌশল নয়, এটি এখানকার মানুষের দীর্ঘ জীবনসংগ্রামের ইতিহাসও বটে। সুন্দরবন-সংলগ্ন এই জনপদের মুন্ডা সম্প্রদায়ের পূর্বপুরুষেরা প্রায় আড়াইশ বছর আগে ভারতের ঝাড়খন্ডের রাঁচি অঞ্চল থেকে এখানে এসেছিলেন। ব্রিটিশ আমলে সুন্দরবনের গভীর জঙ্গল পরিষ্কার করে বসতি ও চাষাবাদের উপযোগী জমি তৈরিতে তাদের যুক্ত করা হয়েছিল।
সময়ের পরিক্রমায় সুন্দরবনের এই বসতিগুলো আজ জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে পড়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততা উপকূলীয় মানুষের জীবন-জীবিকাকে প্রতিনিয়ত অনিশ্চিত করে তুলছে। সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস) তথ্যমতে, শ্যামনগর ও তালা উপজেলায় প্রায় ৫০০ থেকে ৫৫০টি মুন্ডা পরিবার বসবাস করে। যাদের প্রায় ৯৫ শতাংশই ভূমিহীন।
মুন্ডা সম্প্রদায়ের মানুষের জীবন ও জীবিকা মূলত সুন্দরবন এবং নদীনির্ভর। মাছ ধরা, শামুক-ঝিনুক সংগ্রহ ও কৃষিকাজের মাধ্যমেই তাদের সংসার চলে। ফলে প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক কেবল জীবিকার নয় বরং প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের। নদীতে মাছ ধরতে গিয়ে পাওয়া ঝিনুকের খোলস দিয়ে ঘরের সামনের সিঁড়ি সাজানো বা কাদা ঠেকানোর এই কৌশল সেই প্রগাঢ় সম্পর্কেরই একটি ছোট প্রকাশ।
দামি টাইলস কেনার সাধ্য না থাকলেও মুন্ডাপাড়ার মানুষ আশপাশের পরিবেশ থেকেই তাদের প্রয়োজনের সমাধান খুঁজে নিয়েছেন। নরম কাদায় বসানো ঝিনুকের খোলস শুকিয়ে শক্ত হয়ে সিঁড়িতে যেমন ভিন্ন এক রূপ দেয়; তেমনই ঘোচায় প্রতিদিনের যন্ত্রণাদায়ক দুর্ভোগ। মাটির নিচ থেকে উঠে আসা এই ঝিনুক তাই মুন্ডাপাড়ায় শুধু চুনের কাঁচামাল নয় বরং সীমিত সম্পদের মধ্যে নিজেদের জীবন সাজানোর অপূর্ব স্থানীয় উদ্ভাবন।
লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।




মন্তব্য
(০)