নদীভাঙন আর জোয়ারের পানিতে সন্দ্বীপ, উড়িরচর ও কুতুবদিয়ার মতো উপকূলীয় দ্বীপের ঘরবাড়ি, জীবিকা ও পরিবেশ হুমকিতে পড়েছে। এসব দ্বীপ রক্ষায় জলবায়ু অর্থায়ন বাড়ানো, উপকূল সুরক্ষা জোরদার এবং ক্ষয়ক্ষতির প্রতিকারের দাবি উঠেছে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ১৪ নভেম্বরের এক সভায়।
‘চট্টগ্রাম থেকে কপ ৩১: জলবায়ুঝুঁকি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত জবাবদিহি’ শীর্ষক সভাটি আয়োজন করে হিউম্যান২৪। মূল তথ্যপত্রে এর দলপ্রধান সালেহ নোমান জানান, ১৮৮০ সালে সন্দ্বীপের আয়তন ছিল প্রায় ৫০২ বর্গকিলোমিটার, এখন তা প্রায় ২৫৮ বর্গকিলোমিটার। ১৯৭৩ থেকে ২০২০ সালের মধ্যে দ্বীপটি ৭১ বর্গকিলোমিটারের বেশি ভূমি হারিয়েছে; কাটগড়, বাটাজোড়া ও নমস্তের মতো গ্রাম বিলীন হয়েছে, উড়িরচর ইউনিয়নও বিলীনের পথে।
তিনি বলেন, সন্দ্বীপের অর্ধেকের বেশি মানুষ জীবনে অন্তত একবার ঘর হারিয়েছেন। মেঘনা মোহনায় নতুন চর জাগলেও সেগুলো ভাঙন ও জোয়ারে প্লাবনের ঝুঁকিতে থাকে, তাই সেখানে স্থায়ী বসতি ও জীবিকা গড়া কঠিন। বাস্তুচ্যুত পরিবারগুলো ঘরের সঙ্গে কৃষিজমি, মাছ ধরার জায়গা ও প্রথাগত জীবিকাও হারায়।
সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, লবণাক্ততার কারণে উপকূলের স্থাপনা সাত থেকে আট বছরের মধ্যেই ক্ষয়ে যায়; ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রও দুর্বল হয়ে পড়ছে, নিরাপদ পানির সংকটও আছে। তিনি বৃক্ষরোপণ, খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়ক নির্মাণে ইটের বদলে কংক্রিট ব্লক ব্যবহারের উদ্যোগের কথা জানান, আর বায়ু ও সৌরবিদ্যুতে বাংলাদেশের সম্ভাবনার কথা বলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে কম দায়ী উপকূলের মানুষই ক্ষতির বড় বোঝা বইছেন, আর ঘরবাড়ি ও জমির বাইরে সাংস্কৃতিক পরিচয়, প্রথাগত জ্ঞান ও জীববৈচিত্র্যের মতো অর্থনৈতিক নয় এমন ক্ষতিও হচ্ছে। আলোচনায় অংশ নেন আইইউএনসিবিডির অধ্যাপক পিয়েরলুইজি বোজ্জি, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিথ্রিইআরের সাদিয়া জাহান রথি প্রমুখ।
সূত্র: বাংলা নিউজ ২৪



মন্তব্য
(০)