সিকিমের পর এবার তুষারে ঢেকেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৩৬ মিটার উঁচু এই এলাকায় বুধবার সকালে ভারী শিলাবৃষ্টি হয়, বিকেলে শুরু হয় তুষারপাত। একই দিনে সমতলের কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিতে ধান ও চা বাগানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতার সংবাদ প্রতিদিন।
ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক ও গাজলডোবায় এবং আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের মাঝেরডাবরি মুসলিম চর এলাকায়। বড় বড় শিলা পড়ে ফসলের মাঠ সাদা হয়ে গেছে, বহু বাড়ির টিনের চাল ফুটো হয়েছে বলে খবর।
দার্জিলিংয়ের কার্শিয়াং, সেভক, খড়িবাড়ি এবং সিকিম ও ভুটানেও শিলাবৃষ্টি হয়। সিকিমের ইউকসমসহ বিভিন্ন জায়গায় ভারী শিলা পড়েছে। ডুয়ার্সের ভুটান সীমান্তঘেঁষা জয়গাঁ এবং ভুটানের ফুন্টশোলিংয়ে ভারী শিলাবৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
শিলাবৃষ্টির পর সান্দাকফুতে দিনের তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে। বিকেলে তা হিমাঙ্কের নিচে নামলে তুষারপাত শুরু হয়, বাতাসে অক্সিজেনের মাত্রাও কমে যায়। সকাল থেকে দফায় দফায় শিলা পড়ায় সান্দাকফু ও ফালুট সাদা হয়ে গেলে অনেক পর্যটক তা তুষার ভেবে ভুল করেন।
দার্জিলিং ও কালিম্পং শহরে মাঝারি বৃষ্টি হয়েছে। দার্জিলিং পাহাড়ে বৃষ্টির পরিমাণ ছিল ২.৫ মিলিমিটার, আর বিকেল ৪টায় তাপমাত্রা নেমে যায় ১২ ডিগ্রি সেলসিয়াসে। চীন সীমান্তের নাথু লা গিরিপথ সংলগ্ন জওহরলাল নেহরু রোডেও তুষারপাত শুরু হয়েছে, তুষারের খবর এসেছে উত্তর সিকিম থেকেও।
ভারতের আবহাওয়া দপ্তরের বরাতে পত্রিকাটি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বিহারের ওপর দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে বুধবার উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। প্রতিবেদনটি লিখেছেন সংবাদ প্রতিদিনের শুভঙ্কর পাত্র।
ছবি: Sujoy Saha / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: সংবাদ প্রতিদিন





মন্তব্য
(০)