বান্দরবানের রুমায় পাহাড়ের জুমে তিলচাষিদের মুখে হাসি। ফলন তোলার প্রস্তুতি হিসেবে তিলগাছের ডাল কেটে বোঁধা (আঁটি) বাঁধায় ব্যস্ত চাষিরা। রোদে শুকিয়ে এক সপ্তাহের মধ্যে বোঁধা থেকে তিল ঘরে তোলা হবে।
চাষিরা জানান, গত বছর জুমে তিলগাছ ভালো হলেও তোলার সময় অতিরিক্ত বৃষ্টিতে ফলন ভালো হয়নি। যেটুকু উঠেছিল, মান খারাপ হওয়ায় মণপ্রতি মাত্র চার হাজার টাকায় বিক্রি করতে হয়েছিল। রুমা সদর ইউনিয়নের বটতলীপাড়ার মেলান মার্মা বলেন, এবার এখনো বড় বৃষ্টি হয়নি, তাই ভালো ফলন ঘরে তুলে ভালো দামে বিক্রির আশা করছেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর পাহাড়ের জুমে প্রায় ৬০০ পরিবার জুমধানের সঙ্গে মারফা, ভুট্টা, চালকুমড়া, মিষ্টিকুমড়া ও সাথী ফসল হিসেবে নানা সবজির পাশাপাশি তিল চাষ করছে। আবহাওয়া অনুকূল থাকায় খরিফ মৌসুমে তিলের বাম্পার ফলনের সম্ভাবনা বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা একেএম ফরিদুল হক বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বড় বৃষ্টি না হলে বাম্পার ফলন চাষিদের জন্য সৌভাগ্যের হবে। শুকানো তিল সময়মতো ঘরে তুলতে পারলে বিক্রি করে কৃষকেরা লাভবান হবেন।
রুমা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমানসহ কাঁচামাল ব্যবসায়ীরা জানান, সাদা তিল মণপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা এবং কালো তিল তিন থেকে চার হাজার টাকায় কেনার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান, মান দেখে সাদা তিল ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকায় কেনা শুরু করেছেন; সব ঠিক থাকলে কালো তিল নেবেন পাঁচ হাজার টাকায়।
তবে আবহাওয়া প্রতিকূল হলে দাম কমতে পারে, কারণ বৃষ্টিতে তিলের মান নষ্ট হয়। তখন বেশি দামে কিনলে লোকসান হবে বলে জানান ব্যবসায়ীরা। প্রতিবেদনটি দৈনিক বাংলার।
ছবি: Biswarup Ganguly / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: দৈনিক বাংলা




মন্তব্য
(০)