নদীর বুকে নৌকা, জীবিকার টানে পানিতে নামা মানুষ, জলাভূমির সবুজে বিচরণ করা পাখি: এমন ১৭০টি আলোকচিত্র নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে "নদী ও পাখি" প্রদর্শনী। নদী, পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বাড়াতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) শনিবার চার দিনের এ প্রদর্শনীর আয়োজন করেছে, যা ৬ অক্টোবর পর্যন্ত সবার জন্য খোলা।
প্রদর্শনীতে আছে আলোকচিত্রী ও ফটোগ্রাফি শিক্ষাবিদ আবির আবদুল্লাহর নদী ও প্রকৃতির ছবি এবং বন্যপ্রাণী আলোকচিত্রী আনসার উদ্দিন খান পাঠানের পাখি ও বন্যপ্রাণীর ছবি। ছবিগুলোতে নদী ও জলাভূমির সঙ্গে পাখি ও বন্যপ্রাণীর নিবিড় সম্পর্ক ধরা পড়েছে।
উদ্বোধনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, নদী, পাখি ও প্রাণ-প্রকৃতি রক্ষা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব। ছবি দেখে মুগ্ধ হয়ে থেমে না থেকে নদী দখল, দূষণ ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বলেন, নদীর ছবি তুলতে তুলতে একজন আলোকচিত্রী নদীর জীবনকে গভীরভাবে চিনতে শেখেন, পাখির ক্ষেত্রেও তা-ই। আনসার উদ্দিন খান পাঠান বলেন, নদী, জলাভূমি ও পাখি পরস্পর যুক্ত, তাই পাখি রক্ষার সঙ্গে তাদের আবাসস্থলও রক্ষা করতে হবে।
ধরার সদস্যসচিব শরীফ জামিল জানান, প্রদর্শনীর লক্ষ্য প্রকৃতির প্রতি মানুষের মমতা জাগানো। জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, সৌন্দর্যের পাশাপাশি নদী ও জীববৈচিত্র্য ধ্বংসের বাস্তব চিত্রও আলোকচিত্রে তুলে আনা দরকার।
প্রতিবেদনটি সমকালের।
ছবি: Faisal Akram / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: সমকাল





মন্তব্য
(০)