পর্তুগালের আলেন্তেজো (Alentejo) অঞ্চলের খামার এরদাদে দাস সের্ভাসে (Herdade das Servas) আঙুর তোলা হচ্ছে এখন রাতে — শ্রমিকেরা কাজ করছেন মাথার বাতি আর ট্রাক্টরের আলোয়। বার্তা সংস্থা এএফপির বরাতে ইউরোনিউজ এ খবর দিয়েছে।
তীব্র গরম ও ক্রমবর্ধমান চরম আবহাওয়ার জবাবে খামারটি ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে রাতে আঙুর তোলা শুরু করে, আর গত বছর থেকে তা নিয়মিত চর্চা।
খামারের আঙুরচাষি ও ওয়াইন বিশেষজ্ঞ রেনাতো নেভেস (Renato Neves) বলেন, আলেন্তেজোর গ্রীষ্ম খুব কঠিন, তাই শ্রমিকদের কাজের পরিবেশ ভালো করতেই রাতের এই ফসল তোলা। তাঁর ধারণা, ভবিষ্যতে আরও প্রতিষ্ঠান রাতে আঙুর তুলবে, কারণ ৪০-৪২ ডিগ্রি তাপমাত্রায় বেলা ১১টা বা দুপুর থেকে কাজ চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়বে।
আঙুর তোলার কাজে যুক্ত কয়েক ডজন শ্রমিকের একজন মারিয়া জেরোনিমা মেন্দেস বলেন, এতে কাজের কোনো ব্যাঘাত হয়নি; বাতির আলোয় বরং দিনের চেয়ে আঙুর ভালো দেখা যায়। শরীর দিনকে রাত আর রাতকে দিন বানাতে অভ্যস্ত হয়ে যায়, বলেন তিনি।
আলেন্তেজো পর্তুগালের মূল ভূখণ্ডের সবচেয়ে গরম ও শুষ্ক অঞ্চলগুলোর একটি; গ্রীষ্মে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি তাপমাত্রা সাধারণ, তাপপ্রবাহে আরও বাড়ে — যা বিশেষজ্ঞরা ক্রমেই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করছেন।
ছবি: Filipe Fortes / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: ইউরোনিউজ





মন্তব্য
(০)