রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে ওঠার পর মাছটি শেষ পর্যন্ত ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৭৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা ও যমুনার মোহনা এলাকায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
সেকেন হালদার জানান, শনিবার সকালে সঙ্গীদের নিয়ে তিনি পদ্মায় মাছ ধরতে যান। দিনভর জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ মেলেনি; দুপুরের দিকে মোহনায় জাল তুলতেই বিশাল বাঘাইড়টি উঠে আসে। মেপে দেখা যায় ওজন ৩৩ কেজি।
সম্রাট শাহজাহান শেখ বলেন, দৌলতদিয়া আড়তে নিলামে প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৭২ হাজার ৬০০ টাকায় তিনি মাছটি কেনেন। পরে মোবাইল ফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি ২ হাজার ৪০০ টাকা দরে ৭৯ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেন।
বিশাল মাছটি আড়তে আনার পর তা দেখতে স্থানীয়দের উৎসুক ভিড় জমে যায়। পদ্মা-যমুনার মোহনায় বড় বাঘাইড় এখন কালেভদ্রে মেলে, তাই এক মাছে এত দাম ওঠায় জেলেদের মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে। খবরটি কৃষি সময় ডেস্কের।
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)